জেসুইট যুব মন্ত্রকের উদ্যোগে আয়োজিত হল ন্যাশনাল মাজিস ২০২৬

‘জীবন্ত আশায় জাগুক শান্তি’—এই মূলভাবকে সামনে রেখে গত ১৭ থেকে ১৯ অক্টোবর রাজস্থানের জয়পুরের সেন্ট জেভিয়ার্স কলেজে অনুষ্ঠিত হলো মাজিস জয়পুর ২০২৬।

দক্ষিণ এশিয়ার জেসুইট যুব মন্ত্রকের উদ্যোগে (JYMSA) আয়োজিত এই তিন দিনের কর্মসূচিতে বিভিন্ন অঞ্চলের যুবক-যুবতীরা প্রার্থনা, সমাজসেবা, সাংস্কৃতিক আদান-প্রদান এবং আধ্যাত্মিক চিন্তনের মধ্য দিয়ে মাজিস-এর চেতনাকে উপলব্ধি করার সুযোগ পান।

১৭ অক্টোবর উদ্বোধনী পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আইএএস আধিকারিক শ্রীমতী সুচি শর্মা যুবসমাজের সৃজনশীল শক্তি, শিক্ষা, নারীর অধিকার, ভালোবাসা এবং সামাজিক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন। তিনি যুবসমাজকে সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রদেশের অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা একে অপরের সাথে বিনিময় করেন এবং পারস্পরিক বন্ধুত্ব গড়ে তোলেন।

সন্ধ্যার অধিবেশনে ফাদার জন রবি, এসজে, বর্তমান যুবসমাজের বিভিন্ন চ্যালেঞ্জ, যেমন মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি, অধৈর্যতা ও শৃঙ্খলার অভাব নিয়ে আলোচনা করেন। তিনি একে অপরের প্রতি কৃতজ্ঞতার মনোভাব পোষণ করা, আত্মসচেতনতা এবং জীবনে আরও ভালো হওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। দিনটি শেষ হয় প্রার্থনা, আত্মপর্যালোচনা এবং রাজস্থানের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে।

১৮ অক্টোবর ছিল সমাজসেবা ও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের দিন। ‘ইগ্নেশীয় অভিজ্ঞতা’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দল বিভিন্ন স্থানে গিয়ে মানুষের সঙ্গে সময় কাটানোর মধ্যে দিয়ে বাস্তব অভিজ্ঞতা লাভ করে।

সন্ধ্যায় প্রার্থনা ও আত্মচিন্তনের পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার প্রতিনিধিদল সাঁওতালি গান ও মালহার জাম পরিবেশনার মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। বিভিন্ন অঞ্চলের সংগীত ও নৃত্য এই অনুষ্ঠানে সাংস্কৃতিক বৈচিত্র্যের সৌন্দর্য প্রকাশ করে।

১৯ অক্টোবর শেষ দিনে অংশগ্রহণকারীরা প্রকৃতির সান্নিধ্যে ধ্যান, দলগত আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরিতে অংশ নেন। কর্মসূচি থেকে অর্জিত শিক্ষাগুলি নিজ নিজ প্রদেশে কীভাবে বাস্তবায়ন করা যায়, তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মূল্যায়ন পর্ব ও সমাপনী পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে তিন দিনের এই আয়োজন শেষ হয়।

প্রতিবেদন - আন্দ্রেয়া গোমেস

জেসুইট যুব মন্ত্রকের উদ্যোগে আয়োজিত হল ন্যাশনাল মাজিস ২০২৬
Bengali pop up image