চট্টগ্রাম আর্চডাইয়োসিসের শতবর্ষ উপলক্ষে নোয়াখালী ধর্মপল্লীতে যুব দিবস উদযাপন
গত ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, নোয়াখালী ধর্মপল্লীর যুব সংগঠনের আয়োজনে ও চট্টগ্রাম আর্চডাইয়োসিসান যুব কমিশনের সহযোগিতায় আয়োজিত হলো চট্টগ্রাম আর্চডাইয়োসিসের শতবর্ষ উপলক্ষে নোয়াখালী ধর্মপল্লীতে ধর্মপল্লীর যুব দিবস।
চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের নোয়াখালী ধর্মপল্লীতে প্রায় ৬০ জন যুবক-যুবতীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এই ধর্মপল্লীর যুব দিবস।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে যুবাদের বিশ্বাস, দায়িত্ববোধ, মণ্ডলীতে সক্রিয় অংশগ্রহণ এবং আর্চডাইয়োসিসের শতবর্ষের পথচলা সম্পর্কে তাদের সচেতন ও অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়া হয়।
যুব দিবসের অন্যতম প্রধান সহভাগিতার বিষয় ছিল ‘মণ্ডলীতে যুবাদের দায়িত্ব ও অংশগ্রহণ’। এ বিষয়ে সহভাগিতা করেন ফাদার জয় যোসেফ কুইয়া, যুব সমন্বয়কারী, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিস।
তিনি মণ্ডলীর জীবনে যুবাদের ভূমিকা, নেতৃত্ব, সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজেদের প্রতিভা ও শক্তিকে মণ্ডলী ও সমাজের কল্যাণে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া ‘শতবর্ষে চট্টগ্রাম ডাইয়োসিসের পথচলা ও ভাবনা’ শীর্ষক বিষয়ে সহভাগিতা করেন সিস্টার মমতা পালমা, LHC, পালকীয় সমন্বয়কারী, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিস। তিনি চট্টগ্রাম ডাইয়োসিসের ঐতিহাসিক পথচলা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ নির্মাণে যুবাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার পঙ্কজ ইগ্নেসিয়াস পেরেরা এবং চট্টগ্রাম আর্চডাইয়োসিসান যুব কমিশনের সহকারী সেক্রেটারি মি. গ্রেগরী গমেজ। তাঁদের উপস্থিতি ও উৎসাহ অংশগ্রহণকারীদের জন্য আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সহভাগিতা পর্ব শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আলোচিত বিষয়গুলোর ওপর দলীয় আলোচনা ও সহভাগিতায় অংশ নেন। দলীয় আলোচনার মাধ্যমে যুবারা মণ্ডলীতে তাদের বর্তমান ভূমিকা, দায়িত্ব, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন।
যুব দিবসের আনন্দ ও উদ্দীপনাকে আরও বাড়িয়ে তুলতে চট্টগ্রাম আর্চডাইয়োসিসান যুব কমিশনের এনিমেটরগণ বিভিন্ন অ্যাকশন সং পরিচালনা করেন।
এতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে যুবক-যুবতীরা বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।
দিনব্যাপী নানা কার্যক্রম শেষে পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে নোয়াখালী যুব দিবস–২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়। পবিত্র খ্রিস্টযাগে যুবাদের জন্য প্রার্থনা করা হয় এবং মণ্ডলী ও সমাজের কল্যাণে দায়িত্বশীল, সক্রিয় ও বিশ্বাসী যুবসমাজ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নোয়াখালী এ যুব দিবসে যুবাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, বিশ্বাসের গভীরতা এবং মণ্ডলীর প্রতি দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ মণ্ডলী নির্মাণে তাদের সক্রিয় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। - ফ্লেভিয়ান ডি’কস্তা
