মানবতা, মর্যাদা ও সত্যকে সাংবাদিকতার কেন্দ্রে রাখার আহ্বান আইসিপিএ-এর
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত মিডিয়ার চিত্র বদলে দেওয়ার প্রেক্ষাপটে ইন্ডিয়ান ক্যাথলিক প্রেস অ্যাসোসিয়েশন (আইসিপিএ) সাংবাদিকদের প্রতি মানবতা, মানবিক মর্যাদা এবং সত্যকে সাংবাদিকতার কেন্দ্রে রাখার আহ্বান জানিয়েছে।
১৯-২০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর পালানা ভবনা, বেনসন টাউনে দু'দিন ব্যাপী ৩১ তম জাতীয় খ্রীষ্টান সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিপাদ্য বিষয় "মানবতা, মর্যাদা ও সত্য: এআই-এর যুগে আপসহীন সাংবাদিকতা"।
দুই দিনের সম্মেলনে সংবাদ উৎপাদন, তথ্য প্রচার এবং জন-আলোচনার উপর এআই-এর ক্রমবর্ধমান প্রভাবের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় পোপ লিও চতুর্দশের প্রথম এনসাইক্লিকাল, ম্যাগনিফিকা হিউম্যানিটাস: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানব ব্যক্তির সুরক্ষা (১৫ মে, ২০২৬)-এর উল্লেখ করা হয়।
দলিলটি মানবিক মর্যাদা, সত্য ও স্বাধীনতা রক্ষার দায়িত্বের উপর জোর দেয়।
সম্মেলনে এই নীতি সমর্থিত হয় যে প্রযুক্তিকে নেতিবাচক দেখানো উচিত নয়, আবার প্রশ্নাতীত সমাধান হিসেবেও ভাবা উচিত নয়, বরং নৈতিক বিবেচনার দ্বারা পরিচালিত হয়ে দায়িত্বশীলভাবে ব্যবহার করা উচিত।
অংশগ্রহণকারীরা ১৭ মে ৬০তম বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস উপলক্ষে পোপ লিও চতুর্দশের বাণীও পর্যালোচনা করেন, যার বিষয় ছিল "মানব কণ্ঠস্বর ও মুখমণ্ডল। "
সম্মেলনে মিডিয়া পেশাজীবী ও বিশেষজ্ঞরা এআই-এর নৈতিক ও পেশাগত প্রভাব নিয়ে আলোচনা করেন।
সম্মেলনের বিষয়ের উপর প্রায় ২০ জন মিডিয়া বিশেষজ্ঞের লেখা সম্বলিত একটি বইও অনুষ্ঠানে প্রকাশ করা হয়।
আইসিপিএ সাংবাদিকতায় অবদানের জন্য পাঁচজন মিডিয়া পেশাজীবীকে বার্ষিক পুরস্কারও প্রদান করে।
সেইসঙ্গে "সহানুভূতি, সাহস ও অঙ্গীকার" নিয়ে স্বচ্ছ সাংবাদিকতার চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার প্রতিশ্রুতি দেয়। সূত্র : কাথলিক কানেক্ট। অনুলিখন – চন্দনা রোজারিও।
