মঠবাড়ি ধর্মপল্লীর প্রতিপালক হিপ্পর সাধু আগস্টিনের পর্বদিবস উদযাপন
গত ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত মঠবাড়ি ধর্মপল্লীর প্রতিপালক হিপ্পর সাধু আগস্টিনের পর্ব মহাসমারোহে উদযাপিত হয়েছে।
খ্রিস্টভক্তদের নয়দিনের আধ্যাত্মিক প্রস্তুতির পর ধর্মপল্লীর প্রতিপালকের এর পর্ব দিবস উদযাপন করা হয়।
এ পর্ব দিবসে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ, ওএমআই। তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত ফাদার, ব্রাদার, সিস্টার ও ধর্মপল্লীর খ্রীষ্টভক্তগণ।
পবিত্র খ্রীষ্টযাগের উপদেশ বাণীতে আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ বলেন, “ঈশ্বর আমাদের সাথে থাকেন আমাদেরকে সাহায্য করেন। তিনি আমাদের সঙ্গে আছেন তাঁর পুত্রের মধ্য দিয়ে।”
তিনি আরো বলেন, “মন্ডলীর শেষ প্রান্ত পর্যন্ত আমাদেরকে যেতে বলছেন এবং বাণী প্রচার করতে বলেছেন এটাই খ্রিস্টমন্ডলীর বিশ্বাসের একটা শক্তি। তিনি আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন।”
“আমরা সাধু আগস্টিনের জীবনের দিকে তাকালে দেখতে পায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, সত্যের অনুসন্ধানী এবং তিনি বিশ বছর বয়সে অধ্যাপক হয়ে শিক্ষা প্রদান করেছেন। তিনি তার বন্ধুদের সঙ্গ পেয়ে অনৈতিক জীবন যাপন এবং বিপথে পরিচালিত হয়। পরবর্তীতে তিনি তার মা’র সাথে ইতালিতে চলে আসেন,” বলেন আর্চবিশপ ডি'ক্রুজ।”
তিনি আরো বলেন, “আমরা দেখতে পাই তাঁর জীবন পরিবর্তন। আর এ পরিবর্তনই তাকে পরবর্তীতে ধার্মিক ও একজন সাধু ব্যক্তি পরিনত করেন। তিনি একদিন একটি কণ্ঠস্বর শুনতে পান সেখানে বলেন, ওঠো এবং পড়ো। এইটা শুধু বসা থেকে উঠে দাঁড়ানো নয়, এইটা তোমার জীবনে উঠে দাঁড়াও।”
“সততায় পবিত্রতায় সত্যে তুমি উঠে দাঁড়াও। আর তখনই তিনি উঠে একটা বাইবেল থেকে পাঠ পড়তে শুরু করেন। আর সেখান থেকেই তার জীবন পরিবর্তন হয় আশ্চর্যজনক ভাবে”, বলেন আর্চবিশপ।
আর্চবিশপ আরো বলেন, “মন্দ পথে কখনোই সুখ ও শান্তি নেই। আমাদের সকলকে পবিত্রতার পথে চলতে হবে যেরকম আমাদের সাধু আগস্টিন পরবর্তীতে চলেছিলেন। আজকের এই পর্বদিনে তার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি আমাদের প্রার্থনা অবশ্যই পূরণ করেন। সকলের উচিত এই সাধুর মত ঈশ্বরের বাক্য আমাদের জীবনের মধ্যে শ্রবণ করা এবং তা ধারণ ও বহন করা।”
খ্রীষ্টযাগ শেষে মঠবাড়ি ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু, সিএসসি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। - পাঞ্জল টমাস রোজারিও
