আন্ধারকোঠা ধর্মপল্লীতে উদযাপিত হলো নিত্য সাহায্যকারিণী কুমারী মারিয়ার পর্বদিবস
গত ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আন্ধারকোঠা ধর্মপল্লীতে উদযাপিত হলো ধর্মপল্লীর প্রতিপালক নিত্য সাহায্যকারিণী কুমারী মারিয়ার পর্বদিবস।
পর্ব উপলক্ষে তিন দিনব্যাপী নভেনা প্রার্থনার করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে এই পর্বদিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নিত্য সাহায্যকারিণী কুমারী মারিয়ার পবিত্র প্রতিকৃতি নিয়ে যাজকবৃন্দ, সিস্টার এবং প্রায় ছয়শত খ্রিস্টভক্তের অংশগ্রহণে পাাড়িয়া ভাষায় কীর্তন, প্রার্থনা ও নৃত্যের মধ্য দিয়ে শোভাযাত্রা করে গির্জায় প্রবেশ করা হয়।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার উজ্জ্বল গ্রেগরী। তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি, ফাদার প্রেমু রোজারিত্ত পাল-পুরোহিত, ফাদার পল পিটার কস্তা, ফাদার সনেট কস্তা। এছাড়াও সিস্টারব এবং ছয়শত খ্রিস্টভক্ত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন।
খ্রিস্টযাগে উপদেশ বাণীতে ফাদার উজ্জ্বল গ্রেগরি নিত্য সাহায্যকারিণী কুমারী মারিয়ার মাতৃস্নেহ, তাঁর মধ্যস্থতাকারী ভূমিকা এবং বিশ্বাসীদের জীবনে তাঁর অব্যাহত সহায়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “মারিয়ার মধ্য দিয়ে আমরা খ্রিস্টের আরও নিকটবর্তী হতে পারি। তিনি সকলকে প্রার্থনাময় জীবন, দৃঢ় বিশ্বাস এবং মারিয়ার আদর্শ অনুসরণ করে খ্রিস্টীয় জীবনে আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান।”
এই পর্ব উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য, সঙ্গীত, দলীয় ও একক অভিনয়ের মাধ্যমে নিত্য সাহায্যকারিণী কুমারী মারিয়ার জীবন ও বিশ্বাসের বিভিন্ন দিক সুন্দরভাবে উপস্থাপন করা হয়।
দিনব্যাপী এই পর্ব উদযাপনের মধ্য দিয়ে ধর্মপল্লীর সকল বিশ্বাসী নিত্য সাহায্যকারিণী কুমারী মারিয়ার আশীর্বাদ কামনা করেন এবং প্রার্থনা, ভ্রাতৃত্ব ও আনন্দ ভাগাভাগির মাধ্যমে তাঁদের বিশ্বাসকে আরও নবায়ন করেন। - ফাদার সনেট কস্তা