বাংলাদেশ কারিতাসের আহ্বান: "জলবায়ু সুরক্ষায় সমন্বিত জাতীয় উদ্যোগ জরুরি"
গত ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, কাথলিক চার্চের মানবিক ও সামাজিক উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে শহরে বসবাসকারী মানুষের সুরক্ষা নিশ্চিত করতে তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়।
কারিতাস বাংলাদেশ ও দৈনিক সমকাল যৌথভাবে আয়োজিত এই জাতীয় পর্যায়ের সংলাপের প্রতিপাদ্য ছিল, “অন্তর্ভুক্তিমূলক সুরক্ষার পথে: জলবায়ু অভিবাসীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী—চ্যালেঞ্জ ও করণীয়।”
সভায় সভাপতিত্ব করেন সমকাল সম্পাদক শহীদ মোহাম্মদ আলী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাস।
অনুষ্ঠানে নীতিনির্ধারক, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী এবং গবেষকসহ বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
তাদের সম্মিলিত মতামতে উঠে আসে যে, জলবায়ুজনিত অভিবাসন এখন একটি জরুরি জাতীয় সমস্যা, যা বিপুলসংখ্যক ঝুঁকিপূর্ণ মানুষকে শহরের ঘনবসতিপূর্ণ ও অবহেলিত বস্তি এলাকায় ঠেলে দিচ্ছে।
অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, “এই ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় বাংলাদেশকে আরও সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালা গ্রহণ করতে হবে। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে শক্তিশালী সমন্বয়, বিদ্যমান নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জলবায়ু অভিবাসীদের অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন।”
আলোচনায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য টেকসই জীবিকা সৃষ্টি এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বক্তারা একমত হন যে, একটি ঐক্যবদ্ধ ও কৌশলগত জাতীয় উদ্যোগের মাধ্যমেই জলবায়ু পরিবর্তনজনিত নগর অভিবাসনের জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। - আরভিএ সংবাদ