ধর্মগুরু ব্যতীত মন্ডলী নিষ্প্রাণ :এফএবিসি অধিবেশনে কার্ডিনাল গ্রেছ
FABC-এর ১২তম অধিবেশন সভা-এ সিনড অব বিশপসের মহাসচিব কার্ডিনাল মারিও গ্রেক বলেছেন, সিনডাল যাত্রা বিশপদের কর্তৃত্বকে দুর্বল করে না; বরং তাদের সেবাকে আরও সুসমাচারভিত্তিক, দায়িত্বশীল ও ফলপ্রসূ করে তোলে। তিনি বলেন, একজন বিশপের নেতৃত্বের প্রকৃত ভিত্তি হলো শোনা, আত্মিক বিচক্ষণতা এবং মণ্ডলীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে পথচলা।
২৪ জুলাই জাকার্তার হোটেল মুলিয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত "সিনডাল বাস্তবায়নের পথসমূহ" শীর্ষক অধিবেশনে তিনি বলেন, ধর্মগুরু ব্যতীত মন্ডলী নিষ্প্রাণ"।
তাঁর মতে, সিনডালিটি কোনো সংসদীয় প্রক্রিয়া বা ক্ষমতা পুনর্বণ্টনের উদ্যোগ নয়; বরং এটি এমন একটি পথ, যা বিশপদের ঈশ্বরের জনগণের কথা শুনে পবিত্র আত্মার নির্দেশনায় নেতৃত্ব দিতে আহ্বান জানায়।
কার্ডিনাল গ্রেক আরও বলেন, মানুষের কথা শোনা মানে কর্তৃত্ব হারিয়ে ফেলা নয়। বরং একজন বিশপ বিশ্বাসীদের মধ্যে পবিত্র আত্মার কার্যক্রম উপলব্ধি করেই শিক্ষা প্রদান, পরিচালনা ও পবিত্রকরণের দায়িত্ব পালন করেন। তিনি জোর দিয়ে বলেন, সিনডাল যাত্রা নেতৃত্বের প্রকৃতি পরিবর্তন করে না; বরং নেতৃত্বের ধরনকে আরও সুসমাচারভিত্তিক করে তোলে।
এশিয়ার সংখ্যালঘু ক্যাথলিক মণ্ডলীগুলোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মানুষের পাশে থাকা, পারস্পরিক আস্থা গড়ে তোলা এবং সুসমাচারের ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠাই আজকের পালকীয় নেতৃত্বের অন্যতম প্রধান আহ্বান।
