মিশরের কপটিক অর্থোডক্স চার্চের প্রতিনিধিদল ঢাকা ক্রেডিট স্কুল পরিদর্শন
গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মিশরের কপটিক অর্থোডক্স চার্চের পুরোহিত মার্কুস এর নেতৃত্বে ১৪ সদদ্যের একটি প্রতিনিধি দল নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল পরিদর্শন করেন।
কপটিক অর্থোডক্স চার্চের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডাক্তার, শিক্ষাবিদ, কাউন্সিলর। তারা শিক্ষার্থীদের সাথে খেলাধুলা করেন। একই সাথে বিভিন্ন বিষয় ভিত্তিক যেমন হাতের কাজ শেখার গুরুত্ব, শারীরিক চর্চা ও গঠন, মানবিক উন্নয়নসহ নানা বিষয়ে সহভাগিতা করেন।
এই সময়ে স্কুলের ৩৫৭ জন শিক্ষার্থী, ঢাকা ক্রেডিটের চীফ অফিসার সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন, প্রধান শিক্ষক রতন পিটার গমেজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কপটিক চার্চের পুরোহিত মার্কুস বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য জ্ঞান যেমন হ্যান্ডিক্রাফট, শারীরিক শিক্ষা, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক গঠন এবং মাঝে মাঝে কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে।”
“আমাদের অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের শুধু পড়াশোনার চাপে না রেখে তাদেরকে নৈতিক শিক্ষা ও বাস্তবিক শিক্ষা প্রদান করা। প্রয়োজেনে কাউন্সিলিং এর ব্যবস্থা করা উচিত,” বলেন ফাদার মার্কুস।
বিশ্বব্যাপী মিশরের কপটিক অর্থোডক্স চার্চের শিক্ষা ও চিকিৎসা খাতে বেশ অবদান রয়েছে। বর্তমানে পৃথিবীর ৫৪টি দেশে শিক্ষা ও চিকিৎসা নিয়ে কপটিক অর্থোডক্স চার্চের কার্যক্রম রয়েছে।
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে মিশরের কপটিক অর্থোডক্স চার্চের প্রতিনিধি দল উপস্থিত হলে ঢাকা ক্রেডিটের চীফ অফিসার ও স্কুলের প্রধান শিক্ষক তাদের শুভেচ্ছা জানান। - ডিসিনিউজ
