তপস্যাকালীন নির্জনধ্যান: পবিত্র হৃদয় উপাসনালয়
বিগত ২০, ২১ ও ২২শে মার্চ ঠাকুরপুকুরের পবিত্র হৃদয় উপাসনালয়ে “পিতা, এদের ক্ষমা করো! এরা যে কি করছে, এরা তা জানে না।” (লূক ২৩:৩৪) — এই পবিত্র বাণীকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় তপস্যাকালীন নির্জনধ্যান।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই আধ্যাত্মিক সাধনায় ছিল প্রভুর বাণীর অনুধ্যান, পাপস্বীকার, খ্রিস্টযাগ এবং আরোগ্য প্রার্থনা। এই নির্জনধ্যানে শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন এবং প্রভুর অসীম কৃপা লাভ করেন।
প্রচারক হিসেবে উপস্থিত ছিলেন ফাদার তুষার অগাস্টিন গোমেস, ব্রাদার অ্যান্থনি বর এবং ব্রাদার এনক। তাঁদের বাণীতে বিশেষভাবে উঠে আসে মানুষের জীবনে সুসমাচার তথা প্রভুর বাক্যের গুরুত্ব। প্রতিদিন বাইবেল পাঠ মানুষের জীবন পরিবর্তন করতে পারে—এই বার্তা সকলকে অনুপ্রাণিত করে।
এই কয়েকদিনে অনেকেই অসুস্থতা, হতাশা ও উদ্বেগ থেকে মুক্তির অভিজ্ঞতা লাভ করেন। বিভিন্ন গির্জা থেকে আগত ভক্তরা একত্রিত হয়ে প্রভুর মহিমা কীর্তন করেন এবং তাঁর আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শেষ দিনে সকল অংশগ্রহণকারী পবিত্র স্যাক্রামেন্ট স্পর্শ করার সুযোগ পান এবং ফাদারের মাধ্যমে পবিত্র তেল গ্রহণ করেন। সেই সময় বহু মানুষ পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ওঠেন এবং বাইবেলের শিষ্যদের ন্যায় বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করেন।
প্রার্থনা, সঙ্গীত এবং প্রভুর ভালোবাসায় ভরা এই নির্জনধ্যান সত্যিই সকলের জীবনে নতুন শক্তি ও অনুপ্রেরণা জুগিয়ে তোলা।
প্রতিবেদন - শুভম মিত্র