সিস্টার মেরী প্রশান্ত এসএমআরএ’র লেখা “যীশুর সাথে পথ চলা” বইয়ের মোড়ক উন্মোচন
গত ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, সিস্টার মেরী প্রশান্ত এসএমআরএ’র লেখা যীশুর সাথে পথ চলা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
প্রতিবেশী প্রকাশনী থেকে সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল রিবেরু’র সম্পাদনায় ‘যীশুর সাথে পথ চলা’ বইটি প্রকাশ করা হয়েছে।
ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি এবং সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক বুলবুল রিবেরু’র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এই বইটি পূন্যপিতা পোপ চতুর্দশ লিও’র প্রতি উৎসর্গ করা হয়েছে। যীশুর সাথে পথ চলা বইটি মূলত আধ্যাত্মিকতা ও ব্যক্তি জীবনের অভিজ্ঞতার সাক্ষ্যবহন করে। মূলত যুবাদের অন্তর্জগতের সঙ্গে ঈশ্বর, মন্ডলী, সমাজ, সংস্কৃতি ও মানবিক দায়িত্ববোধের অবাধ সংমিশ্রণের বার্তা দেয় বইটি।
সিস্টার মেরী প্রশান্ত এসএমআরএ সম্প্রদায়ের একজন ব্রতধারিনী। তিনি মান্ডলিক বা পালকীয় কাজের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও অবদান রেখেছেন। তিনি ৬০টি ধর্মীয় সঙ্গীত রচনা, ২৬টি গানে সুরালাপন এবং ২টি গানের অ্যালবাম (গীত-সারথী ও আমার পূজার আসরে) প্রকাশ করেছেন।
পথিতযশা ব্যক্তিত্ব সিস্টার প্রশান্ত এসএমআরএ এই পর্যন্ত ৩টি বই প্রকাশ করেছেন। দর্পনে সমাজ (২০১৯), যোসেফের নিকট যাও (২০২১) এবং যীশুর সাথে পথ চলা (২০২৬) বইগুলো আধ্যাত্মিক ও মানবীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ পুস্তক হিসেবে বিবেচিত।
এই বইটি প্রতিবেশী প্রকাশনীর বিভিন্ন স্টলে পাওয়া যাবে। - ডিসিনিউজ বিডি