সাভার ধরেন্ডা ধর্মপল্লীতে পালিত হলো শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস
গত ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত সাভার ধরেন্ডা ধর্মপল্লীতে শ্রমিকদের প্রতিপালক সাধু যোসেফের পর্ব দিবস আনন্দের সাথে পালন করা হয়।
নয়দিন নভেনা প্রার্থনার পর উৎসবমুখর পরিবেশে পালিত হলো আর্দশ শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস। এতে ৭ জন যাজক, ১জন বিশপ, সিস্টার, ব্রাদার এবং ধর্মপল্লীর খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ। তিনি তাঁর উপদেশ বাণীতে শ্রমিক সাধু যোসেফের জীবনী সম্পর্কে সহাভাগিতা করে বলেন, “যখন সাধু যোসেফকে শ্রমিক সাধু যোসেফ হিসাবে ঘোষণা করা হয় তখন পোপ দ্বাদশ পিউস খ্রীষ্টযাগ উৎসর্গ করতে গিয়ে বলেছিলেন, সাধু যোসেফ হচ্ছে একজন মেষপালক, সাধু যোসেফ একজন পিতা আর সাধু যোসেফ একজন রক্ষাকারী।”
“সাধু যোসেফ একজন নিরব, ধার্মিক ও বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, ঠিক একইভাবে আমাদের এই ভেজাল জীবন ত্যাগ করে তাঁর মত সৎ, ধার্মিক ও বিশ্বস্ত মানুষ হয়ে উঠতে হবে”, বলেন বিশপ গমেজ।
বিশপ আরো বলেন, “ধার্মিকতার পাশাপাশি সাধু যোসেফ ছিলেন ঈশ্বরের প্রতি অনুগত ও দায়িত্বশীল এবং তিনি ঈশ্বরের ইচ্ছার উপর সর্বদা বাধ্য ছিলেন এবং নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আর তাকে অনুসরণ করা আমাদের প্রত্যেক জন খ্রিস্টভক্তের দায়িত্ব।”
সাধু যোসেফ হলেন আমাদের পালক পিতা। তিনি সকল পিতার আদর্শ। তার অনেক গুণাবলি রয়েছে। বিশেষ করে পবিত্র পরিবার গঠনে, পালনে ও রক্ষণে তিনি আমাদের কাছে মহান আদর্শ। আমরাও যেন সাধু যোসেফর মত সহজ, সরল ও পবিত্র জীবন-যাপন করি। - প্রাঞ্জল টমাস রোজারিও