কাটাডাঙ্গা সাধু পলের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক সেমিনার
গত ১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত কাটাডাঙ্গা সাধু পলের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক সেমিনার।
এই প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক সেমিনারের মূলসুর ছিলো “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৯০ জন খ্রিস্টভক্তরা অংশগ্রহণ করেন।
খ্রিস্টধর্মাবলম্বীদের জন্য প্রায়শ্চিত্তকাল হলো আত্মশুদ্ধি, উপবাস, প্রার্থনা ও ভিক্ষাদানের বিশেষ সময়। যার মূল উদ্দেশ্য হলো পাপ ত্যাগ করে পবিত্রতার পথে ফিরে আসা।
দিনব্যাপী এই সেমিনারে মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার কাজল লিনুস গমেজ, ওএমআই। তিনি তার সহভাগিতায় বলেন, “আমরা যেন এই প্রায়শ্চিত্তকালে ব্যক্তিগত প্রার্থনা, উপবাস ও দয়ার কাজে আরও বেশি মনযোগী হই।”
তিনি আরো বলেন, “এই তপস্যাকালে যেন আমাদের পাপ ও মন্দতার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং ঈশ্বরের আরো কাছে যেতে পারি।”
আমাদের দৈনন্দিন জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগস্বীকার, উপবাস ও দয়ার কাজের দ্বারা আমরা এই প্রায়শ্চিত্তকালে আমাদের বিশ্বাসের সাক্ষ্য দান করবো।
ত্যাগস্বীকারের এই সময়ে আমরা আরও নিবিষ্ট মনে প্রার্থনা ও ধ্যান করব যেন আমরা আমাদের পাপের স্বভাব ও পাপের প্রলোভনগুলো জয় করার শক্তি পেতে পারি।
এই পবিত্র সময়টুকু সমগ্র মণ্ডলীর জন্য, স্থানীয় খ্রিস্টিয় সমাজের জন্য ও প্রতিজন খ্রিস্ট বিশ্বাসীর জন্য জীবন নবায়নের উপযুক্ত সময়কাল। আর সাধু পৌলের ভাষায় এই সময়টি ঈশ্বরের বিশেষ অনুগ্রহ লাভের মুহূর্ত। তপস্যাকালে আমরা স্মরণ করি আমাদের প্রত্যেকের প্রতি স্বর্গীয় পিতার অফুরন্ত ভালবাসা ও যত্নের কথা।
দিনব্যাপী এই সেমিনার পরিচালনায় সহযোগিতা করেন ধর্মপল্লীর সহকারি পাল পুরোহিত ফাদার প্লাবন রোজারিও, ওএমআই । এই সেমিনারের মধ্যে ছিলো পাপস্বীকার, ক্রুশের পথ এবং পবিত্র খ্রিস্টযাগ। - ফাদার প্লাবন রোজারিও, ওএমআই