লেবাননে ইসরায়েলি আক্রমণে নিহত হলেন ফরাসি নাগরিক ফাদার পিয়ের আল-রাহি
গত ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, বিকেলে লেবাননের খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ ক্লায়া ধর্মপল্লীতে ইসরায়েলি হামলায় একজন মারোনীয় কাথলিক যাজক নিহত এবং কমপক্ষে আরও সাতজন খ্রিষ্টভক্ত আহত হয়েছেন।
ফাদার পিয়ের আল-রাহি তাঁর ধর্মপল্লীবাসীদের সুরক্ষার জন্য চলে যাওয়ার ইসরায়েলি আদেশ অমান্য করে সেই গ্রামেই অবস্থান করছিলেন।
সোমবার দুপুরের দিকে পালক-পুরোহিত ফাদার ফাদার পিয়ের আল-রাহির অধীনস্ত ক্লায়া ধর্মপল্লীর একটি বাড়িতে ইসরায়েলি ট্যাঙ্কের আঘাতে সেখানে বসবাসকারী স্বামী-স্ত্রী আহত হন। তখন ফাদার পিয়ের কয়েকজন খ্রিষ্টভক্ত ও প্রতিবেশী, রেডক্রসকর্মী সহযোগে তাঁদের সাহায্য করতে সেখানে ছুটে যান।
কিছুক্ষণ পরেই ইসরায়েলি সৈন্যরা দ্বিতীয়বার বাড়িটির ওপর আঘাত হানে। তাতে ফাদার পিয়ের এবং আরও সাতজন আহত হন। তবে গুরুতর আহত যাজক কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেন।
ফরাসি নাগরিক ফাদার পিয়ের এল-রাই লেবানীয় ভাষার সঙ্গে সঙ্গতি বিধান করে নিজেকে পিয়ের আল-রাহি বলে পরিচয় দিতেন। তিনি দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার ইসরায়েলি সীমান্ত-সংলগ্ন ক্লায়া খ্রিষ্টান অধ্যুষিত ক্লায়া ধর্মপল্লীর পালক-পুরোহিত ছিলেন। সেই গ্রামে প্রায় ৮০০০ খ্রিষ্টভক্তের বসবাস।
হিজবুল্লাহ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্তের পর দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে।
সাম্প্রতিক দিনগুলিতে এই অঞ্চলে ইসরায়েলি বোমা হামলা তীব্র হয়েছে এবং সেখানকার বাসিন্দারা বলছেন যে বেসামরিক বাড়িগুলিকে ক্রমবর্ধমান লক্ষ্যবস্তু করা হচ্ছে।
ইরান আক্রমণের অংশ হিসাবে ইসরায়েলি সেনাবাহিনী ইরান-সমর্থিত জঙ্গিগোষ্টি হিজবুল্লাহ এবং তাদের অস্ত্র নির্মূল করতে দক্ষিণ লেবানন, দক্ষিণ বৈরুত এবং বেকা উপত্যকার সন্দেহভাজন হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলিতে একটি নিবিড় অভিযানস্বরূপ বোমা হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ জঙ্গিরা খ্রিষ্টান-অধ্যুষিত দক্ষিণের নানা গ্রামে লুকিয়ে আছে বলে তাঁদের দাবি। তাই হিজবুল্লার ঘাঁটি উড়িয়ে দেবার অজুহাতে তাঁরা ক্লায়া গ্রামে আক্রমণ চালানোর ঘোষণা দেয়। কিন্তু ফাদার পিয়ের আল-রাহি খ্রিষ্টান গ্রাম খালি করার ইসরায়েলি সেনাবাহিনীর আদেশ মানতে অস্বীকার করেছিলেন।
ইতিপূর্বে লেবানন সরকার ঘোষণা করেছিল যে, রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে যে কোনও সামরিক বা নিরাপত্তা কার্যক্রম; বিশেষ করে অবৈধ জঙ্গিগোষ্টি হিজবুল্লাহর সশস্ত্র কার্যকলাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হিজবুল্লার উগ্র-কার্যকলাপ নিষিদ্ধ বিষয়ে লেবানন সরকারের পদক্ষেপের সমর্থন করে ফাদার পিয়ের সেই ঘোষণাকে স্বাগতও জানিয়েছিলেন। ঘটনার তিন দিন আগে, শুক্রবার তাঁর গির্জার সামনে দেওয়া বক্তৃতায় ফাদার পিয়ের বলেন, তাঁর সম্প্রদায়ের লোকেরা তাঁদের নিজেদের বাড়িতে থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং তাঁদের ধোন-সম্পদ ও জায়গা-জমি রক্ষা করে।
তিনি আরো বলেন, “আমাদের কারও কাছেই কোনো সমরাস্ত্র নেই। আমাদের একমাত্র অস্ত্র হল শান্তি, ভালোবাসা এবং প্রার্থনা।”
ফাদার পিয়ের আল-রাহির মৃত্যুর ঘটনায় পোপ চতুর্দশ লিও গোচির শোক প্রকাশ করেছেন। মারোনীয় মণ্ডলী হল একটি পূর্বদেশীয় কাথলিক সর্বস্বত্ব-নির্দিষ্ট মণ্ডলী যা পূর্ব মণ্ডলীসমূহের যাজকীয় বিধি মোতাবেক স্বায়ত্তশাসনের পাশাপাশি পোপ এবং আন্তর্জাতিক কাথলিক জনগোষ্ঠীর সঙ্গে পূর্ণ সংযোগ বজায় রাখে। - ফাদার প্রদীপ পেরেজ এস জে