এশিয়ার মন্ডলীগুলির সিনোডাল যাত্রায় নতুন দিশা দেখাল FABC-র ১২তম প্লেনারি অ্যাসেম্বলি
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফেডারেশন অব এশিয়ান বিশপস’ কনফারেন্স (FABC)-এর ১২তম প্লেনারি অ্যাসেম্বলি এশিয়ার ক্যাথলিক মন্ডলীগুলিকে আরও সিনোডাল, অংশগ্রহণমূলক ও সংলাপভিত্তিক মন্ডলী রূপে গড়ে তোলার আহ্বান জানিয়ে শেষ হল।
২০ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত এই সমাবেশে এশিয়ার বিভিন্ন দেশের ১২০-রও বেশি কার্ডিনাল, বিশপ, যাজক, ধর্মীয়, ধর্মতত্ত্ববিদ, পালকীয় পরিষদ বিশেষজ্ঞ ও সাধারণ বিশ্বাসীগণ অংশ গ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—“তোমরা আরও মহৎ বিষয় দেখবে” (যোহন ১:৫০): সিনোডাল রূপান্তরের আহ্বান এবং এশিয়ায় সেতু ও সেতুবন্ধনকারী হওয়ার আহ্বান।
দারিদ্র্য, অভিবাসন, সংঘাত, ডিজিটাল পরিবর্তন ও আন্তঃধর্মীয় সম্পর্কের মতো বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রার্থনা, আধ্যাত্মিক সংলাপ এবং ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলোচনার মাধ্যমে একে অপরের অভিজ্ঞতা শোনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অ্যাসেম্বলিতে জোর দিয়ে বলা হয়, সিনোডালিটি শুধু নতুন কাঠামো নয়; বরং শোনা, একসঙ্গে চলা এবং যৌথ দায়িত্ব গ্রহণের মাধ্যমে মন্ডলীর মানসিক ও আধ্যাত্মিক রূপান্তর।
প্রার্থনা সময় কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে বলেন, যীশুই ঈশ্বর ও মানবজাতির মধ্যে প্রকৃত সেতু। তাই বিভক্ত পৃথিবীতে সেতুবন্ধন গড়তে বিনয়, আত্মত্যাগ ও সহমর্মিতা অপরিহার্য।
জাকার্তা ক্যাথেড্রাল ও ইস্তিকলাল মসজিদকে সংযুক্ত করা ‘টানেল অফ ফ্রেন্ডশিপ’ পরিদর্শনের সময় আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সংলাপের গুরুত্বও তুলে ধরা হয়।
অ্যাসেম্বলিতে এশিয়ার জন্য একটি সিনোডাল জীবন ও কার্যপদ্ধতি বাস্তবায়নের জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা বা সহায়িকা তৈরির প্রাথমিক কাঠামো নিয়ে কাজ করা হয়, যা স্থানীয় মন্ডলীগুলিকে সিনোডাল চেতনা বাস্তবায়নে সহায়তা করবে। পাশাপাশি এফএবিসি-র সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়, যাতে সংগঠনের প্রশাসন ও এশিয়ার বিশপ সম্মেলনগুলোর পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়েও আলোচনা হয়। মন্ডলীর ধর্মীয় নেতারা বলেন, AI সুসমাচার প্রচার, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে এটি কখনোই মানবিক বিবেক, প্রার্থনা, সহমর্মিতা ও ব্যক্তিগত সম্পর্কের বিকল্প হতে পারে না। একই সঙ্গে AI-নির্ভর ভুল তথ্য ও অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।
সমাপনী বার্তায় এফএবিসি এশিয়ার মণ্ডলীগুলিকে আশা, পুনর্মিলন, সংলাপ ও সংহতির সাক্ষী হয়ে একসঙ্গে পথচলার আহ্বান জানায়। জাকার্তা অ্যাসেম্বলি স্পষ্ট করেছে, এশিয়ায় মন্ডলীগুলির ভবিষ্যৎ মিশন নির্ভর করবে একসঙ্গে পথ চলা, গভীরভাবে শোনা এবং ঈশ্বরের ভালোবাসার সেতুবন্ধন হয়ে ওঠার ওপর।
প্রতিবেদন - রেডিও ভেরিতাস এশিয়া
অনুবাদ - তেরেসা রোজারিও
