এশিয়ায় সিনোডাল পরিকাঠামো শক্তিশালী করতে FABC-এর সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন
জাকার্তা, ২৬ জুলাই: ফেডারেশন অফ এশিয়ান বিশপস' কনফারেন্স (FABC) ২৫ জুলাই তাদের গঠনতন্ত্রের একটি বিস্তৃত সংশোধনী অনুমোদন করে। জাকার্তায় অনুষ্ঠিত FABC-এর ১২তম প্লেনারি অ্যাসেম্বলিতে দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও যৌথ বিচক্ষণতার (discernment) মধ্য দিয়ে এই সংশোধিত গঠনতন্ত্র গৃহীত হয়। এটি কার্যকর হওয়ার আগে হলি সি-এর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।
হোটেল মুলিয়ার ভান্ডা রুমে অনুষ্ঠিত অধিবেশনের সূচনা করেন FABC-এর সভাপতি কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাঁও। পোপ লিও চতুর্দশের প্রতিনিধি কার্ডিনাল অসওয়াল্ড গ্রাসিয়াস গঠনতন্ত্রের প্রতিটি সংশোধনী ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। এ সময় তাঁকে সহায়তা করেন FABC-এর সহকারী মহাসচিব ফাদার উইলিয়াম লা রুস, এমএম। এক বছরেরও বেশি সময় ধরে FABC-এর কেন্দ্রীয় কমিটির পরামর্শ ও খসড়া প্রণয়নের ভিত্তিতে এই সংশোধনীগুলো প্রস্তুত করা হয়।
কার্ডিনাল ফেরাঁও বলেন, বর্তমান গঠনতন্ত্র ২০১৩ সালে হলি সি অনুমোদন করেছিল। এরপর বিশেষ করে সিনোড অন সিনোডালিটির অভিজ্ঞতার মাধ্যমে FABC-এর পালকীয় ও প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটেছে। তাই সংশোধিত গঠনতন্ত্র বর্তমান বাস্তবতার সঙ্গে সংগঠনটির শাসনব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করবে।
কার্ডিনাল গ্রাসিয়াস বলেন, এই সংশোধনীর মাধ্যমে FABC-এর মৌলিক পরিচয় পরিবর্তন করা হচ্ছে না; বরং গত এক দশকে যে পরিবর্তনগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে, সেগুলোকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে।
সংশোধিত গঠনতন্ত্রে FABC-কে “এশিয়ারওত্র্যের দৃশ্যমান প্রকাশ” রূপে বর্ণনা করা হয়েছে। এর মাধ্যমে FABC-কে শুধু একটি সমন্বয়কারী সংস্থা নয়, বরং এশিয়ার স্থানীয় মন্ডলীগুলির একটি ঐক্যবদ্ধ সম্প্রদায় রূপে আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
এছাড়া গঠনতন্ত্রে FABC-এর মিশনকে আরও বিস্তৃত করা হয়েছে। এতে ধর্মতাত্ত্বিক ও পালকীয় গবেষণার প্রসার, বিভিন্ন বিশপ সম্মেলনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, ভ্যাটিকানের বিভিন্ন ডিকাস্টারি ও অন্যান্য মহাদেশের বিশপ সম্মেলনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী এবং আন্তর্জাতিক ও বিভিন্ন পরিসরে এশিয়ার মন্ডলীগুলির প্রতিনিধিত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
শাসনব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্লেনারি অ্যাসেম্বলিকে FABC-এর সর্বোচ্চ কর্তৃপক্ষ রূপে পুনর্ব্যক্ত করা হলেও পূর্বের অফিস-বেয়ারার কাঠামোর পরিবর্তে সভাপতি, সহ-সভাপতি ও মহাসচিবকে নিয়ে একটি এক্সিকিউটিভ বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বোর্ড কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন এবং FABC-এর পালকীয় অগ্রাধিকারগুলো আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে।
কেন্দ্রীয় সচিবালয়ের ভূমিকাও সম্প্রসারিত করা হয়েছে। প্রশাসনিক সমন্বয়ের পাশাপাশি যোগাযোগ, গবেষণা, সংলাপ এবং এশিয়ার মন্ডলীগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির দায়িত্বও তাদের ওপর ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে ডেপুটি সেক্রেটারি জেনারেল ও সহকারী মহাসচিবদের দায়িত্বও আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণকে মন্ডলীর অন্যতম অগ্রাধিকার রূপে বিবেচনা করে সংশোধিত গঠনতন্ত্রে সৃষ্টির প্রতি যত্ন (Care for Creation)-কে FABC-এর মিশনের অবিচ্ছেদ্য অংশ রূপে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য খ্রীষ্টীয় মন্ডলীর সঙ্গে এক্য প্রতিষ্ঠা (Ecumenism) এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে সংলাপকে পৃথক দুটি মন্ত্রণালয় রূপে আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া পূর্বের Regional Assembly-এর পরিবর্তে “Groupings of Bishops” ধারণা যুক্ত করা হয়েছে, যা আঞ্চলিক সহযোগিতার বর্তমান বাস্তবতাকে প্রতিফলিত করে।
আলোচনার সময় প্রতিনিধিরা মতপ্রকাশ করেন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মন্ডলীর একতা, জবাবদিহিতা এবং যৌথ বিচক্ষণতার চেতনাকে সবসময় অক্ষুণ্ন রাখতে হবে। গঠনতন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভবিষ্যতেও প্লেনারি অ্যাসেম্বলির অনুমোদন এবং হলি সি-এর নিশ্চিতকরণের মাধ্যমেই কার্যকর হবে। এছাড়া ভবিষ্যতে প্রয়োজনীয় বিধিমালার মাধ্যমে ইলেকট্রনিক ভোটিং চালুর সম্ভাবনাও আলোচনা করা হয়।
সিনোডাল চেতনার প্রতিফলন ঘটিয়ে প্রতিটি ধারা নিয়ে বিশপরা আলোচনা, মতবিনিময় ও সংশোধনের পর সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রটি অনুমোদন করেন।
হলি সি-এর অনুমোদনের পর এই সংশোধিত গঠনতন্ত্র FABC-এর ভবিষ্যৎ পথচলায় সমন্বিত নেতৃত্ব, সিনোডাল শাসনব্যবস্থা এবং এশিয়ার মন্ডলীগুলির মিশনকে আরও শক্তিশালী ভিত্তি প্রদান করবে।
প্রতিবেদন: গ্যাব্রিয়েল আবদি সুসান্তো
অনুবাদ:তেরেসা রোজারিও
