মহিপাড়া সাধু আন্তনীর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ গঠনের প্রশিক্ষণ কর্মশালা
গত ১৩ থেকে ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মহিপাড়া সাধু আন্তনীর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ গঠনের প্রশিক্ষণ কর্মশালা।
এ প্রশিক্ষণ কর্মশালার মূলসুর ছিল “সিনোডিয় মণ্ডলি গঠনে ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ”। এই প্রশিক্ষণে ৬২ জন অংশগ্রহণ করেন।
রাজশাহী ধর্মপ্রদেশীয় সিসিপি ডেস্কের উদ্যোগে ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ গঠনের লক্ষে ভিকারিয়া পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বোর্ণী ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া এবং মহিপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী।
“সিনোডীয় মণ্ডলী গঠনে ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ” এবং “ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজে নেতৃত্বের গুরুত্ব” বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার বাবলু কোড়াইয়া।
তিনি “সিনোডীয় মণ্ডলী গঠনে ক্ষুদ্র সমাজ কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং পরিবারে কীভাবে বাইবেল পাঠ, নীরবতা, সহভাগিতা, প্রার্থনা ও কর্মপরিকল্পনার মাধ্যমে পরিচালিত হতে পারে তা সহভাগিতা করেন।”
“কোন পদ্ধতিতে মণ্ডলী পরিচালিত হলে খ্রিস্টভক্তদের অংশগ্রহণের পরিবেশ তৈরী হবে এবং সিনোডীয় মণ্ডলী হয়ে উঠবে তা বুঝিয়ে দেন।
নেতৃত্ব সম্পর্কে ফাদার বাবলু আরও বলেন, “নেতা হতে হলে সকলের সেবক হতে হবে। খ্রিস্ট হলেন আদর্শ নেতা যিনি মানুষের সেবা করেছেন, শিষ্যদের পা ধুয়েছেন, শক্রদের ক্ষমা করেছেন।”
“ক্ষুদ্র খ্রিস্টিয় সমাজ কী?” এর বৈশিষ্ট্য এবং সপ্তধাপ পদ্ধতিতে বাইবেল সহভাগিতা’র উপর সহভাগিতা করেন ফাদার শিশির নাতালে গ্রেগরী। এরপর ৪টি দলে বিভক্ত হয়ে ‘সপ্তধাপ পদ্ধতিতে বাইবেল সহভাগিতা’ অনুশীলন করা হয়। - সুশীল টুডু, বরেন্দ্রদূত
