আসিসির সাধু ফ্রান্সিসের জীবনীর উপর এক বর্ণময় নৃত্যনাট্য প্রদর্শন

বিগত ২৩ শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত সেন্ট জেভিয়ার্স কলেজ অডিটোরিয়ামে যীশু সংঘ সমাজ দ্বারা পরিচালিত কলাহৃদয় এবং কনস্যুলেট জেনারেল অফ ইতালি কলকাতার আয়োজনে আসিসির সাধু ফ্রান্সিস এর জীবনীর উপর এক বর্ণময়  নৃত্যনাট্যের আয়োজন করা হয়।

উক্ত এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কলাহৃদয়ের প্রতিষ্ঠাতা ফাদার সাজু জর্জ এস জে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মহাধর্মপ্রদেশের মহাধর্মপাল বিশপ ইলিয়াস ফ্রাঙ্ক, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ফাদার ডমিনিক স্যাভিও এস.জে, কলকাতা মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার মলয় গোমেজ, অন্যান্য ফাদার, সিস্টার এবং বিশিষ্ট ব্যক্তিত্বগণ।

এই দিন “তোমারই জয়গান হোক” মূল  বিষয়বস্তুর উপর ভিত্তি করে আসিসির সাধু ফ্রান্সিসের জীবনীর উপর নৃত্যনাট্য পরিদর্শিত হয় যেখানে আভিজাত্য জীবনযাপন ছেড়ে ঈশ্বরের প্রতি তাঁর অগাধ ভালোবাসা, প্রকৃতি এবং সাধারণ মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া এবং তাদের সেবা করা, তৎকালীন পোপের  সহায়তায় একটি সমাজ তৈরি করা, বহু মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসা এবং গির্জা ঘর স্থাপন করা এই বিষয়গুলি এই  নৃত্যনাট্যে তুলে ধরা হয়।

কলকাতা মহাধর্মপ্রদেশের মহাধর্মপাল বিশপ ইলিয়াস ফ্রাঙ্ক ফাদার সাজু জর্জ এবং অন্যান্য শিল্পীদের বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এত সুন্দর ভাবে  সাধু ফ্রান্সিসের জীবনী তুলে ধরার জন্য।

আজ সারা বিশ্বে যেখানে হিংসা, হানাহানি, যুদ্ধ প্রতিমুহূর্তে অমানবতার পরিচয় বহন করে চলেছে সেখানে এই নৃত্যনাট্য আবার আমাদের প্রকৃতি এবং মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বর লাভের সুযোগকে আরেকবার মনে করিয়ে দেয়।

প্রতিবেদন - তন্ময় মন্ডল