ফাদার শিপন পিটার রিবেরু কর্তৃক সম্পাদিত “খ্রীষ্টধর্মের মৌলিক শিক্ষা” বইয়ের মোড়ক উন্মোচন
গত ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের বিশপ ভবনে যাজকবর্গের অধিবেশনে ফাদার শিপন পিটার রিবেরু কর্তৃক সম্পাদিত “খ্রীষ্টধর্মের মৌলিক শিক্ষা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এ বইটি উৎসর্গ করা হয়েছে পরলোকগত সকল ক্যাটেখ্রিস্ট ও ধর্মশিক্ষকদের করকমলে।
এ বইয়ের মোড়ক উন্মোচন করেন আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, বিশপ সুব্রত বি, গমেজ, বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি, ফাদার ড. শিপন পিটার রিবেরু এবং ফাদার সনি মাইকেল রোজারিওসহ অন্যান্য যাজকগণ উপস্থিত ছিলেন ।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা মহাধর্মপ্রদেশ আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুশ বলেন, ‘কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা’ অনুবাদসহ বেশ কিছু ধর্মশিক্ষার বই ইতোমধ্যে বাংলায় প্রকাশিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ফাদার শিপন পিটার রিবেরু প্রচেষ্টায় ও সম্পাদনায় “খ্রীষ্টধর্মের মৌলিক শিক্ষা” নামক ধর্মশিক্ষার সহায়িকাটি বাংলাদেশ খ্রীষ্টমণ্ডলীতে আরেকটি সংযোজন।”
তিনি আরো বলেন, “কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষার সব বিষয়ই এই বইয়ে সংক্ষিপ্ত কিন্তু খুবই সাবলীলভাবে উঠে এসেছে। শুধু তাই নয়, এটিতে কাথলিক মণ্ডলীর ঐহিত্যগত ধর্মশিক্ষার ভিত্তি যে পবিত্র বাইবেল তা-ও এখানে জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”
আর্চবিশপ আরো বলেন, “আমি মনে করি প্রথম পাপস্বীকার, খ্রীষ্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কারপ্রার্থীদের প্রস্তুতির জন্য এটি খুবই সময়োপযোগী একটি প্রকাশনা। শুধু শিশুরাই নয়, সকল পর্যায়ের খ্রীষ্টভক্ত এই বইটি ধর্মশিক্ষার একটি ‘ম্যানুয়াল’ হিসাবে ব্যবহার করতে পারবে। সর্বোপরি, যারা এই বইটি প্রকাশনার জন্য কোন না কোনভাবে অবদান রেখেছেন, তাদের সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন।”
ফাদার ড. শিপন পিটার রিবেরু বলেন, “এই বইটি মূলত তাঁর বিশ্বাসের শিক্ষাদান ও যাজকীয় সেবাদানের একটি বহিঃপ্রকাশ। ধর্মশিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে বিশ্বাসের ঐতিহ্য ও শিক্ষা হস্তান্তর করা।”
তিনি আরো বলেন, “এ বইটিকে মোট পাঁচটি অধ্যায়ে সাজানো হয়েছে: ১. মুখস্থ প্রার্থনা, ২. কাথলিক মণ্ডলীর মৌলিক শিক্ষা, ৩. খ্রীষ্টমণ্ডলীর জীবনকেন্দ্রিক শিক্ষা, ৪. কাথলিক মণ্ডলীর উপাসনা ও সংস্কার এবং ৫. পবিত্র বাইবেল পরিচিতি। এই বইটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, অধিকাংশ ঐতিহ্যগত শিক্ষা ও সংস্কারের/সাক্রামেন্তের পবিত্র বাইবেলের ভিত্তি দেখানোর চেষ্টা করা হয়েছে।”
ফাদার শিপন পিটার রিবেরু’র জন্ম ১৯৭৯ খ্রীষ্টাব্দে। প্রথমে তিনি বান্দুরা ক্ষুদ্র পুষ্প তেরেজার সেমিনারীতে প্রবেশ করেন। এরপর বিভিন্ন সেমিনারীতে গঠন-প্রশিক্ষণ এবং দর্শনশাস্ত্র ও ঐশতত্ত্ব শেষ করে ২০০৯ খ্রীষ্টাব্দে যাজকরূপে অভিষিক্ত হন।
যাজক হওয়ার পর উচ্চ শিক্ষার জন্য ইতালীর রোম নগরীতে যান। তিনি প্রথমে রোমের বিবলিকোম ইন্সিটিউট থেকে পবিত্র বাইবেলের উপর লাইচেন্সিয়েট ডিগ্রী অর্জন করেন এবং পরে গ্রেগরিয়ান বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে ডক্টরেট ডিগ্রী লাভ করেন।
রোমে পড়াশুনার পর যখন তিনি দেশে ফিরে আসেন তখন তিনি পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে শিক্ষকতা শুরু করেন তখন তা আরো পূর্ণমাত্রায় বিকাশিত হয়। শিক্ষকতার পাশাপাশি বিশেষভাবে বাইবেল সম্বন্ধীয় লেখা ও গবেষণায় ব্যক্তিগতভাবে নিজেকে নিয়োজিত করেন। বিভিন্ন পত্রিকাতে তাঁর অনেক লেখা প্রকাশিত হলেও “খ্রীষ্টধর্মের মৌলিক শিক্ষা” নামক ধর্মশিক্ষার সহায়িকাটি এককভাবে লেখকের প্রথম প্রকাশনী।
যারা এ বইটি নিতে চান তারা ঢাকা মহাধর্মপ্রদেশের বিশপ হাউজের কমিশন কক্ষে যোগাযোগ করবেন। এ বইটির মূল্য ২০০ টাকা। - আরভিএ সংবাদ
