বিশ্ব খ্রীষ্টীয় নেতাদের আহ্বান: সিনোডালিটির মাধ্যমে মণ্ডলীতে সেতুবন্ধন গড়ে তুলুক এশিয়ার বিশপরা
ভ্যাটিকান, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ওশেনিয়া, যুক্তরাষ্ট্র এবং বৃহত্তর এক্যবাদী খ্রীষ্টীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা FABC-এর ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়ে বলেন, ক্রমবর্ধমান বিভক্ত বিশ্বের মধ্যে সিনোডালিটি মন্ডলীকে পুনর্মিলন ও সেতুবন্ধনের পথে এগিয়ে নিতে পারে।
২১ জুলাই জাকার্তার হোটেল মুলিয়ায় অনুষ্ঠিত অধিবেশনে বিভিন্ন মহাদেশের প্রতিনিধিরা নিজ নিজ অঞ্চলের বাস্তবতা তুলে ধরে বলেন, সিনোডালিটি শুধু একটি পদ্ধতি নয়, বরং গির্জার জীবনযাপনের একটি ধারা বিবরণী।
হলি সি -র প্রতিনিধি এবং বিশপদের সিনোডের মহাসচিব কার্ডিনাল মারিও গ্রেখ বলেন, তিনি এসেছেন “শুনতে, ভাগ করে নিতে এবং শিখতে।“ তিনি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পবিত্র আত্মার আহ্বান অনুধাবন করে স্থানীয় মন্ডলীগুলির মধ্যে ঐক্য ও মিশনারি চেতনাকে আরও গভীর করতে হবে।
আফ্রিকার SECAM-এর সভাপতি কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোঙ্গো বেসুঙ্গু বলেন, আফ্রিকা ও এশিয়া একই ধরনের প্রতিকূলতা—দারিদ্র্য, বৈষম্য, অভিবাসন, সংঘাত ও জলবায়ু পরিবর্তনের মুখোমুখি। তিনি সুসমাচার প্রচার, আন্তঃধর্মীয় সংলাপ, যুবসমাজ, ন্যায়বিচার, শান্তি ও সৃষ্টির প্রতি যত্নশীলতায় দুই মহাদেশের মন্ডলীগুলির মধ্যে আরও বেশি সহযোগিতার জন্য আহ্বান জানান।
CCEE-এর প্রতিনিধি আর্চবিশপ গিনতারাস লিনাস গ্রুশাস বলেন, বৈচিত্র্যতা মন্ডলীগুলির শক্তি। বিভক্ত পৃথিবীতে দেয়াল নয়, মন্ডলীগুলিকে এমন একটি ”সেতু” হতে হবে, যা মানুষকে ঈশ্বরের সঙ্গে এবং একে অপরের সঙ্গে পুনর্মিলিত করে।
Council of Eastern Catholic Patriarchs-এর প্রতিনিধি প্যাট্রিয়ার্ক রাফায়েল বেদরোস একবিংশ মিনাসিয়ান আধ্যাত্মিক রূপান্তর, মন্ডলীর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বৈচিত্র্যের মধ্যকার ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর ভাষায়, ” মন্ডলীগুলির ঐক্য একরূপতা নয়, বরং ভিন্নতার মধ্যেও এক সুরেলা সমন্বয়।“
ওশেনিয়ার FCBCO-এর মহাসচিব ফাদার ক্রিস্টোফার ডি’সুজা জানান, প্রথমবারের মতো তারা FABC-এর পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিচ্ছেন এবং এশিয়ার সিনোডাল অভিজ্ঞতা থেকে তারা শিখতে আগ্রহী।
Christian Conference of Asia (CCA)-এর মহাসচিব জুং ইউন গ্রেস মুন বলেন, FABC সিনোডালিটিকে শুধু একটি পাস্টোরাল পদ্ধতিতে নয়, বরং প্রার্থনা, মনোযোগ দিয়ে শোনা ও আধ্যাত্মিক বিচক্ষণতার জীবনধারা রূপে গ্রহণ করে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের USCCB-এর প্রতিনিধি বিশপ রেইনালদো বারসাবাল বলেন, প্রকৃত মন্ডলী-নবায়নের জন্য শুধু কাঠামোগত পরিবর্তন নয়, বরং বিনয়, মনোযোগ দিয়ে শোনা এবং পবিত্র আত্মার ওপর আস্থার সঙ্গে একসঙ্গে চলার মানসিকতা প্রয়োজন।
বিভিন্ন মহাদেশ ও মন্ডলী থেকে এলেও সব প্রতিনিধির কণ্ঠে একই বার্তা ধ্বনিত হয়—আজকের বিভক্ত বিশ্বে মন্ডলীগুলিকে অবশ্যই সেতুবন্ধনের ভূমিকা পালন করতে হবে। তাঁদের বক্তব্য FABC-এর মূল প্রতিপাদ্য ”সিনোডাল রূপান্তর ও সেতুবন্ধন”-কে আরও শক্তিশালী করে।
প্রতিবেদন - গ্যাব্রিয়েল আবদি সুসান্তো
অনুবাদ – তেরেসা রোজারিও
