বরিশাল কাথলিক ডাইওসিসে উদযাপিত হলো “লাউদাতো সি” দিবস

বরিশাল কাথলিক ডাইওসিসের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো লাউদাতো সি দিবস উদযাপন

গত ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বরিশাল কাথলিক ডাইওসিসের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের আয়োজনে বিশপ’স হাউজ হলরুমে আন্তঃমাণ্ডলীকভাবে ‘লাউদাতো সি দিবস’ পালন করা হয়।

এই দিবসের মূলসুর ছিল “ধরিত্রীর জন্য আশা জাগানো”। এতে কাথলিক ডাইওসিসের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৬০জন খ্রীষ্টভক্ত অংশগ্রহণ করেন।

পৃথিবীর প্রতি যত্নবান হওয়ার বিষয়ে পোপ ফ্রান্সিসের যুগান্তকারী বিশেষ পএ “লাউদাতো সি” প্রকাশের দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ এর প্রতি আরো যত্নশীল হওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল কাথলিক ডাইওসিসের ভিকার জেনারেল ফাদার লাজারুস গোমেজ, চার্চ অব বাংলাদেশ বরিশাল অঞ্চলের প্রতিনিধি মি. সুধিন বৈদ্য, ব্যাপ্টিষ্ট চার্চের পাষ্টর ফিলিপ বর্মণ, সিআরএসএস এর নির্বাহী পরিচালক মি. এডওয়ার্ড রবিন বল্লভ।

এ দিবস উপলক্ষ্যে নারীগণ ফল গাছের চারা রোপন করছেন

বরিশাল কাথলিক ডাইওসিসের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের সমন্বয়কারী ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ বলেন, “লাউদাতো সি” দিবস উদযাপনের মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্যাথলিক সংহতির একটি মুহূর্ত।”

লাউদাতো সি” দিবস উদযাপন করার মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজকে আহ্বান জানানো হয় যেন পরিবেশগত সংকট মোকাবেলায় সবাই তৎপর হই,” বলেন ফাদার গোমেজ।

এ দিবস পালনের শুরুতেই দুটি ফলের গাছ রোপন করা হয়। একটি গাছ পুরুষগণ এবং একটি গাছ নারীগণ রোপন করেন।

এরপর মূলসুরের উপর সহভাগিতা করেন সিস্টার চম্পা ফ্লোরা মজুমদার, এলএইচসি, সুপিরিয়র জেনালে, মণ্ডলীর ক্ষুদ্র সেবিকা সংঘ। তিনি বলেন, “ধরিত্রী আমাদের প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে, যত্ন নিচ্ছে তাই আমাদেরও দায়িত্ব ধরিত্রীর যত্ন নেওয়া।”

এই  দিবসকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব ও করনীয় বিষয়গুলো নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করা হয়। - ফাদার মাইকেল মিলন দেউরী

Bengali pop up image