কার্ডিনাল গ্রেচ: সিনোডালিটি শুরু হয় হৃদয়ের রূপান্তর দিয়ে, নতুন আইন দিয়ে নয়
ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্সেস (FABC)-এর ১২তম প্লেনারি অ্যাসেম্বলির দ্বিতীয় সাংবাদিক সম্মেলনে কার্ডিনাল মারিও গ্রেচ বলেছেন, ক্যাথলিক মণ্ডলীর সিনোডালিটির ভবিষ্যৎ নির্ভর করে প্রথমে হৃদয়ের রূপান্তরের উপর, ক্যানন বা মণ্ডলীর আইনের পরিবর্তনের উপর নয়।
সিনড অফ বিশপস-এর সেক্রেটারি জেনারেল কার্ডিনাল গ্রেচ ২৪ জুলাই জাকার্তার হোটেল মুলিয়ার মিডিয়া রুমে সাংবাদিকদের একথা বলেন। প্রশ্ন ছিল, Synod on Synodality-এর ফলাফল কি শেষ পর্যন্ত মণ্ডলীর আইনি কাঠামোতে যুক্ত হবে কিনা।
কার্ডিনাল গ্রেচ স্বীকার করেন, সিনোডাল প্রক্রিয়া থেকে মণ্ডলীর আইনের সংস্কার আসতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রকৃত নবীকরণ শুরু হয় সুসমাচার এবং মানুষের হৃদয়ের পরিবর্তনের মধ্য দিয়ে।
"রূপান্তর মানে মনোভাবের পরিবর্তন নয়, হৃদয়ের পরিবর্তন," তিনি বলেন। "এটা নথির প্রশ্ন নয়। আমাদের নথির প্রয়োজন নেই। আমাদের একটি মৌলিক নথি আছে, সেটি হল সুসমাচার।"
২০২১ সালে পোপ ফ্রান্সিস যে Synod on Synodality শুরু করেছিলেন, তার অন্যতম মূল বিষয় এটি। এখন তা বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। এর লক্ষ্য হল শোনা, বিচার-বিবেচনা এবং যৌথ দায়িত্বের মাধ্যমে স্থানীয় খ্রীষ্টমণ্ডলী গুলিতে সহভাগিতা, অংশগ্রহণ ও মিশনকে সুদৃঢ় করা।
"কাঠামো নয়, আত্মাই আসল" সিনোডালিটি এবং খ্রীষ্টমণ্ডলীর আইনের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে কার্ডিনাল গ্রেচ ঐ কথা বলেন।
তিনি বলেন, "খ্রীষ্ট মণ্ডলীর জীবনে সুসমাচারই প্রথমে আসে"। হৃদয় রূপান্তরিত হওয়ার পরেই কাঠামোগুলো সিনোডাল জীবনযাপনকে কার্যকরভাবে সমর্থন করতে পারে।
কার্ডিনাল গ্রেচ উল্লেখ করেন, সিনোডালিটিকে উৎসাহিত করার জন্য চার্চের কাছে ইতিমধ্যেই অনেক কাঠামো আছে: প্যারিশ ও ধর্মপ্রদেশীয় যাজকীয় পরিষদ, পুরোহিত পরিষদ, পরামর্শক কলেজ, ধর্মপ্রদেশীয় সিনড, বিশপস কনফারেন্স এবং অন্যান্য পরামর্শক সংস্থা।
নতুন প্রতিষ্ঠান তৈরি করার পরিবর্তে, তাঁর পরামর্শ হল — সহভাগিতা, অংশগ্রহণ ও মিশনের আত্মা দিয়ে বিদ্যমান কাঠামোগুলোকে আরও অধিক ভাবে ব্যবহার করা।
সিনোডাল প্রক্রিয়ার কারণে ক্যানন আইন সংশোধনের বিষয়ে গুরুত্বপূর্ণ চিন্তা-ভাবনা শুরু হয়েছে।
পবিত্র পিতার অনুমোদনক্রমে, সিনডের সময় মণ্ডলীর আইনবিদদের দুটি কমিশন গঠন করা হয়েছিল। একটি লাতিন মণ্ডলীর জন্য। অন্যটি পূর্ব ক্যাথলিক মণ্ডলীগুলির জন্য।
কার্ডিনাল গ্রেচ বলেন, লাতিন মণ্ডলীর কমিশন তাদের কাজ শেষ করেছে। পূর্ব মণ্ডলীগুলির কমিশন তাদের রিপোর্ট চূড়ান্ত করছে।
"আশা করি, নথিগুলো শেষ হলে তা সংশ্লিষ্ট ডিকাস্তেরি এবং পবিত্র পিতার কাছে জমা দেওয়া হবে, এবং আমরা পরিবর্তনগুলি দেখতে পাব," তিনি বলেন।
তবুও তিনি জোর দেন, ভবিষ্যতের যেকোনো আইনি সংস্কার যেন চার্চের গভীর আধ্যাত্মিক নবীকরণকে সেবা করে, তার জায়গা না নেয়।
কার্ডিনাল গ্রেচ ধারাবাহিকভাবে বলে এসেছেন, পরিষদ, সমাবেশ বা ক্যানন আইন নিজে থেকে একটি সিনোডাল চার্চ তৈরি করতে পারে না। যারা সুসমাচার গ্রহণ করেছেন এবং বিশ্বাসে একসাথে পথ চলতে প্রতিশ্রুতিবদ্ধ, সেই বিশ্বাসীদের দ্বারা পরিচালিত হলেই কেবল এই কাঠামোগুলো কার্যকর হয়।
তিনি বলেন, স্থায়ী নবীকরণ আসবে খ্রীষ্টের দ্বারা রূপান্তরিত হৃদয়ের খ্রীষ্টবিশ্বাসীদের মাধ্যমে। তখনই আইন ও কাঠামোগুলো মণ্ডলীর সহভাগিতা, অংশগ্রহণ ও সুসমাচার প্রচারের মিশনকে সত্যিকারের শক্তিশালী করবে। প্রতিবেদন গ্যাব্রিয়েল আবদি সুসান্তো। অনুলেখন – চন্দনা রোজারিও।
