এশিয়ায় মণ্ডলীর সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য হওয়া উচিত ঐক্য: ফা. ক্লারেন্স দেবাদাস

জাকার্তা | ২৪ জুলাই — FABC-এর ১২তম অধিবেশন সভা চলাকালে রেডিও ভেরিতাস এশিয়া (RVA)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে FABC-এর সহযোগী সম্পাদক এবং সমন্বিত পথচলা (Synodality) কমিশনের নির্বাহী সম্পাদক ফা. ক্লারেন্স দেবাদাস বলেছেন, "এশিয়ায় মণ্ডলীর সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য হওয়া উচিত ঐক্য।"

অধিবেশনের অন্যতম প্রধান আয়োজক ফা. দেবাদাস এবারের অধিবেশনের লক্ষ্য, এশিয়ায় মণ্ডলীর সেতুবন্ধন গড়ে তোলার আহ্বান, পালকীয় চ্যালেঞ্জ এবং স্থানীয় মণ্ডলীগুলোর মধ্যে ঐক্য জোরদারে FABC-এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, এই অধিবেশন থেকে সবচেয়ে বড় যে ফল প্রত্যাশা করা হচ্ছে, তা হলো সমন্বিত পথচলা (Synodality) যেন মণ্ডলীর জীবনযাপনের একটি স্থায়ী আধ্যাত্মিক চেতনা হয়ে ওঠে।

"সমন্বিত পথচলা শুধু কাজ করার একটি পদ্ধতি নয়; এটি একটি আধ্যাত্মিকতা। এর মাধ্যমে আমরা একসঙ্গে পথ চলতে এবং একসঙ্গে বিকশিত হতে শিখি।"

তিনি আশা প্রকাশ করেন, এই অধিবেশনের পর বিশপ, যাজক, ধর্মীয় জীবন উৎসর্গকারী নারী-পুরুষ এবং সাধারণ খ্রিস্টভক্তদের মধ্যে আরও গভীর ঐক্য ও সহযোগিতার মনোভাব গড়ে উঠবে।

অধিবেশনের মূল প্রতিপাদ্য "সেতু ও সেতুবন্ধন নির্মাতা হওয়া" সম্পর্কে তিনি বলেন, এশিয়ার অধিকাংশ দেশে ক্যাথলিক ও অন্যান্য খ্রিস্টানরা সংখ্যালঘু। তাই সমাজে শান্তি, সম্প্রীতি ও পুনর্মিলনের সেতুবন্ধন গড়ে তোলাই মণ্ডলীর বিশেষ আহ্বান।

তিনি বলেন, এই আহ্বান শুধু ভিন্ন ধর্ম, জাতিগোষ্ঠী বা জাতির মধ্যেই নয়, মণ্ডলীর অভ্যন্তরেও প্রযোজ্য। বিশপ, যাজক, ধর্মীয় জীবন উৎসর্গকারী নারী-পুরুষ এবং সাধারণ খ্রিস্টভক্তদের মধ্যেও ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

"সেতুবন্ধন নির্মাতা হওয়ার অর্থ হলো মানুষকে সংযুক্ত করা, সংলাপকে উৎসাহিত করা এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলা।"

এশিয়ার মণ্ডলীর প্রধান চ্যালেঞ্জ সম্পর্কে ফা. দেবাদাস বলেন, ধর্মনিরপেক্ষতা, ভোগবাদ, পুঁজিবাদ, দারিদ্র্য, দুর্নীতি, অভিবাসন এবং পরিবেশগত সংকট আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব বাস্তবতার মধ্যেই মণ্ডলীকে সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক হতে হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, মথি রচিত সুসমাচারে যিশু তাঁর অনুসারীদের "পৃথিবীর লবণ" এবং "জগতের আলো" হতে আহ্বান জানিয়েছেন। তাই মণ্ডলীর দায়িত্ব সমাজে আশার আলো ছড়িয়ে দেওয়া।

এশিয়ার মণ্ডলীর উদ্দেশে তাঁর একক বার্তা ছিল—"ঐক্য।"

 

তিনি বলেন, এশিয়া বৈচিত্র্যে সমৃদ্ধ। যদি আমরা শুধু পার্থক্যের দিকেই তাকাই, তবে তা বিভেদের কারণ হবে। কিন্তু যদি আমাদের মিলের বিষয়গুলোর ওপর গুরুত্ব দিই, তাহলে মণ্ডলী আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, বাপ্তিস্মের মাধ্যমে সকলেই ঈশ্বরের জনগণের অংশ। তাই মণ্ডলী শুধু বিশপ বা যাজকদের নয়; এটি সকল বাপ্তিস্মপ্রাপ্ত বিশ্বাসীর। মণ্ডলী গড়ে তোলার দায়িত্ব সবার।

FABC-এর ভূমিকা সম্পর্কে ফা. দেবাদাস বলেন, সংস্থাটির মূল উদ্দেশ্য হলো এশিয়ার স্থানীয় মণ্ডলীগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করা। এটি কোনো নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নয়; বরং বিশপ সম্মেলনগুলোর মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি মঞ্চ।

তিনি বলেন, "FABC স্থানীয় মণ্ডলীগুলোর পাশে থেকে তাদের উৎসাহিত করে, সহযোগিতা করে এবং এশিয়ার বৈচিত্র্যময় বাস্তবতার মধ্যে একে অপরের কাছ থেকে শেখার সুযোগ সৃষ্টি করে।"

শেষে তিনি আশা প্রকাশ করেন, FABC-এর ১২তম অধিবেশন সভায় অংশ নেওয়া প্রায় ১৫০ জন প্রতিনিধি নিজ নিজ দেশে ফিরে সমন্বিত পথচলার চেতনাকে বাস্তবায়ন করবেন এবং নিজ নিজ মণ্ডলী ও সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হয়ে উঠবেন।

Tags
Bengali pop up image