মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যিশুর যাতনাভোগের কাহিনী বা যিশুনীলা

মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো যিশুনীলা

গত ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো যিশুনীলা যা পালাগান নামে পরিচিত। 

এতে ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডী ও ফাদার অনিল মারান্ডীসহ ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

শুরুতে ছোট প্রার্থনানুষ্ঠান ও অনুধ্যান সহভাগিতার মধ্য দিয়ে  যিশুনীলা শুরু হয়। অনুধ্যান সহভাগিতায় ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডী বলেন, “যিশুনীলার মধ্য দিয়ে আজকে চেষ্টা করা হবে যিশুর কষ্ট ও যন্ত্রনাভোগ ফুটিয়ে তোলার।  আমরা এ এলাকার মানুষজন জীবন্ত ক্রুশের পথের সাথে অভ্যস্ত তবে যিশুনীলা বা পালাগানের সাথে অভ্যস্ত না।”

তিনি আরও বলেন, “তাই আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার যেন আমরা এর মধ্য দিয়ে যিশুর কষ্ট ও যন্ত্রনা অন্তরে উপলব্ধি করতে পারি। তাই আসুন আমরা অনুভব ও উপলব্ধি করতে চেষ্টা করি এবং নিজেদের জীবনের পাপময়তা ত্যাগ করি।”

যিশুর যাতনাভোগের কাহিনী বা যিশুনীলা

পরে যিশুনীলা অনুষ্ঠান শুরু হয়। মরুপ্রান্তরে যিশুর চল্লিশ দিন চল্লিশ রাত উপবাস ও শয়তানের বিরুদ্ধে সংগ্রাম থেকে শুরু করে যিশুর সমাধি পর্যন্ত পুরো ঘটনা গান ও অভিনয়ের মাধ্যমে জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়।

এখানে যে জনগণের মধ্যে পরিলক্ষিত হয়েছে তারা আন্তরিকতা নিয়ে যিশুর কষ্ট উপলব্ধি  এবং কান্নায় অনুতাপ করেছে।

যিশুর চরিত্রে অভিনয়কারী ভূবন কোড়াইয়া বলেন, “যিশুর চরিত্রে অভিনয় করে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমি আজকে যিশুর কষ্টটা অন্তরে  অনেক বেশি উপলব্ধি  করেছি। আমাকে যখন অন্যরা যিশুর প্রতি ভক্তি প্রদর্শনার্থে প্রণাম করছিল তখন অন্তরে অনুভব করেছি আমার পাপ করা চলে না।”

পরিশেষে পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ বলেন, “আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা উপস্থিত থেকে আজকের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন।”

তিনি আরও বলেন, “ভাওয়াল অঞ্চলে যিশুর যাতনাভোগ কাহিনীলীলাপালা, কষ্টের গান ইত্যাদি আরো অনেক ঐতিহ্য রয়েছে তবে আমাদের মধ্য ভিকারিয়া বা এই অঞ্চলে প্রচলন নেই।  সাধু পিতর সেমিনারির উদ্যোগে আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। তাই আমি কলাকৌশলী সকলকেই  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” - ডানিয়েল লর্ড রোজারিও

Bengali pop up image