চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসে অনুষ্ঠিত হলো কমিশনসমূহের বার্ষিক সাধারণ সভা

চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসে অনুষ্ঠিত হলো কমিশনসমূহের বার্ষিক সাধারণ সভা

গত ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসে অনুষ্ঠিত হলো কমিশনসমূহের বার্ষিক সাধারণ সভা।

এতে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের ১৩ টি কমিশন, ৩ টি ডেক্স ও ১ টি মিনিস্ট্রিস নিয়ে আর্চবিশপ হাউসের কনফারেন্স হলে পালকীয় সেবা দল কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

এ সভায় গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, আগামী বছরের পালকীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কমিশনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এই সভার সূচনা হয় চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের পালকীয় সমন্বয়কারী সিস্টার মমতা পালমা এলএইচসি’র উদ্বোধনী প্রার্থনা পরিচালনার মধ্য দিয়ে।

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের এডমিন্সট্রেটর ফাদার রিগান ডি’কস্তা। তিনি কমিশনগুলোর পারস্পরিক সহযোগিতা, সৃজনশীল নেতৃত্ব এবং সুসমাচারের আলোকে কার্যকর পালকীয় সেবার গুরুত্ব তুলে ধরেন।

সভায় প্রথমে পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন, পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং অনুমোদন করা হয়। এ সময় বিদায়ী কমিশন সমন্বয়কারীর নিষ্ঠা ও আন্তরিক সেবার জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয় এবং নবনিযুক্ত কমিশন সমন্বয়কারীদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।

কার্যবিবরণী উপস্থাপন করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের সহকারী প্রোগ্রাম সেক্রেটারী ফ্লেভিয়ান ডি’কস্তা। পরবর্তীতে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের প্রোগ্রাম সেক্রেটারী ফ্লেভিয়ান জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত সময়কালে কমিশনসমূহের কার্যক্রমের সমন্বিত প্রতিবেদন উপস্থাপন ও মূল্যায়ন করেন।

প্রতিবেদনে বিভিন্ন কমিশনের উল্লেখযোগ্য অর্জন, বাস্তবায়িত কর্মসূচি, এবং সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ দিকগুলো তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা প্রতিবেদন নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং কমিশনগুলোর কার্যক্রম আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন মতামত প্রদান করেন।

এরপর চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের হেড অব প্রোগ্রামস এন্ড ডেভেলপমেন্ট মিকি পল গনসালভেস ২০২৬ থেকে ২০২৭ সালের পালকীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই দিন কমিশনভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, অগ্রাধিকার নির্ধারণ এবং কমিশনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা আর্চডাইয়োসিসের পালকীয় কার্যক্রমকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক এবং ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন।

দিনব্যাপী আলোচনা ও মতবিনিময়ের পর বিবিধ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে আগামী বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল কমিশনের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। - ফ্লেভিয়ান ডি’কস্তা

Bengali pop up image