সকল পরিচয়ের আগে প্রত্যেকেই একজন বাপ্তিস্মপ্রাপ্ত খ্রিস্টবিশ্বাসী বিশ্বাসী। - কার্ডিনাল মারিও গ্রেক
FABC-এর ১২তম অধিবেশন সভা-এ সিনড অব বিশপসের মহাসচিব কার্ডিনাল মারিও গ্রেক বলেছেন, মণ্ডলীতে যে-ই হোন না কেন—বিশপ, যাজক, ধর্মীয় জীবন উৎসর্গকারী বা সাধারণ খ্রিস্টভক্ত—সব পরিচয়ের আগে প্রত্যেকেই একজন বাপ্তিস্মপ্রাপ্ত বিশ্বাসী। আর এই বাপ্তিস্মই মণ্ডলীর প্রকৃত পরিচয় ও ঐক্যের ভিত্তি।
২৪ জুলাই জাকার্তার হোটেল মুলিয়ার সমন্বিত পথচলার (Synodal) বাস্তবায়ন বিষয়ক বক্তব্যের শুরুতেই তিনি এই বার্তা তুলে ধরেন।
মঞ্চে তাঁকে তাঁর বিভিন্ন মণ্ডলীগত পদবি ও দায়িত্ব উল্লেখ করে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। সেই সময় হাস্যরসের সঙ্গে তিনি সবাইকে থামিয়ে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়টি বাদ পড়ে গেছে।
তাঁর এই মন্তব্যে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে উষ্ণ হাসির পরিবেশ সৃষ্টি হয়।
কার্ডিনাল গ্রেক বলেন, "মণ্ডলীতে কোনো বিশপ একা নন। বিশপ যেমন মণ্ডলী ছাড়া হতে পারেন না, তেমনি মণ্ডলীও তার রাখাল ছাড়া পূর্ণতা পায় না।"
তিনি ব্যাখ্যা করেন, বাপ্তিস্মই মণ্ডলীর জীবনের ভিত্তি। বিশপ, যাজক, ধর্মীয় জীবন উৎসর্গকারী কিংবা সাধারণ খ্রিস্টভক্ত—সব ধরনের আহ্বান (Vocation) সেই একই বাপ্তিস্মের মধ্য থেকেই উৎসারিত হয়েছে।
এ কারণেই, তাঁর ভাষায়, সমন্বিত পথচলা বিষয়ক বিশ্বব্যাপী সিনডের সূচনা রোমে বৈঠক দিয়ে নয়; বরং বিশ্বের বিভিন্ন ধর্মপ্রদেশে সাধারণ বিশ্বাসীদের কথা শোনার মধ্য দিয়ে করা হয়েছিল।
তিনি বলেন, সমন্বিত পথচলায় অংশগ্রহণ শুধু আলোচনার বিষয় নয়; অংশগ্রহণই এই যাত্রার মূল পদ্ধতি।
কার্ডিনাল গ্রেক আরও বলেন, কেউ যদি মনে করেন সমন্বিত পথচলা বিশপের কর্তৃত্ব কমিয়ে দেয়, তবে তা সঠিক নয়। বরং এই পথচলা বিশপের সেবাকে আরও অর্থবহ করে তোলে, কারণ এটি তাঁকে তাঁর সেবাপ্রাপ্ত জনগণের জীবন ও বাস্তবতার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করে।
তিনি বিশেষভাবে এশিয়ার ক্যাথলিক মণ্ডলীগুলোর প্রসঙ্গ তুলে বলেন, অনেক দেশে ক্যাথলিকরা সংখ্যায় সংখ্যালঘু। কিন্তু তাদের শক্তি সংখ্যা বা সামাজিক প্রভাবের মধ্যে নয়; বরং বাপ্তিস্মপ্রাপ্ত বিশ্বাসী হিসেবে তাদের পরিচয় এবং সুসমাচারের প্রতি বিশ্বস্ত সাক্ষ্যের মধ্যেই নিহিত।
কার্ডিনাল গ্রেক বলেন, FABC-এর ১২তম অধিবেশন সভা সমগ্র এশিয়ার মণ্ডলীকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছে—মণ্ডলীর প্রকৃত শক্তি পদমর্যাদা বা কাঠামোতে নয়, বরং বাপ্তিস্মের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য, অংশগ্রহণ এবং যৌথ মিশনের মধ্যেই নিহিত।
