“এশিয়ার বিভিন্ন প্রান্তে খ্রীষ্টের বার্তা ছড়িয়ে দিন ”: বলেন মহাধর্মপাল গারসেরা

“এশিয়ার বিভিন্ন প্রান্তে খ্রীষ্টের বার্তা ছড়িয়ে দিন ”: বলেন মহাধর্মপাল গারসেরা

এশিয়ার ক্যাথলিক ডিজিটাল মিশনারিদের মানুষের কথা আন্তরিকভাবে মন দিয়ে শোনা, একে অপরের সংস্কৃতির প্রতি সম্মান দেখানো এবং ডিজিটাল জগতে সত্য ও আশার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিপাইনের সিবিসিপি  সভাপতি মহাধর্মপাল গিলবার্ট গারসেরা।

১১ সেপ্টেম্বর কুইজন সিটির রেডিও ভেরিতাস এশিয়া (RVA) ক্যাম্পাসে প্রথম এশিয়ান ক্যাথলিক ডিজিটাল মিশনারি অ্যাসেম্বলি (Asian Catholic Digital Missionary Assembly)-এর উদ্বোধনী খ্রীষ্টযাগে তিনি এই আহ্বান জানান। ১০–১৩ সেপ্টেম্বরের এই সমাবেশে এশিয়ার বিভিন্ন দেশ থেকে ১০০-রও বেশি ডিজিটাল মিশনারি, যোগাযোগকর্মী ও ইনফ্লুয়েন্সার অংশগ্রহণ করেছেন উক্ত এই অনুষ্ঠানে। এবারের মূল ভাবনা— “ইনফ্লুয়েন্সার থেকে সাক্ষী: এশিয়ায় ডিজিটাল মিশনের সিনোডাল যাত্রা”(Influencers to Witnesses: Synodal Way for Digital Mission in Asia)

রেডিও ভেরিতাস এশিয়া-র সঙ্গে নিজের দীর্ঘ দিনের সম্পর্কের কথা স্মরণ করে মহাধর্মপাল গারসেরা বলেন, শর্টওয়েভ রেডিও থেকে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম, পডকাস্ট, লাইভস্ট্রিম ও AI-তে পৌঁছালেও রেডিও ভেরিতাস এশিয়া-র মূল লক্ষ্য একই—এশিয়ার প্রতিটি মানুষের কাছে সত্য, আশা ও সুসমাচারের বার্তা পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন “তবে বলপূর্বক  নয়, বরং প্রতিটি মানুষের কাছে গিয়ে, তাদের কথা শুনে এবং তাদের সঙ্গে পথ চলার মধ্যে দিয়েই খ্রীষ্টকে তাদের কাছে পৌঁছে দিতে হবে,”।

ডিজিটাল মিশনারিদের শুধু কনটেন্ট নির্মাতা নয়, সত্যের সাক্ষী হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি ভুল তথ্য ও AI-নির্মিত মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া থেকে সতর্ক করেন। তিনি বলেন, “প্রকাশের আগে যাচাই করুন, বিচার করার আগে শুনুন, ব্যাখ্যা করার আগে বুঝুন এবং নিন্দা করার আগে গুরুত্ব বোঝার চেষ্টা করুন।”

বিশেষ করে দরিদ্র, অভিবাসী, আদিবাসী, যুবসমাজ ও প্রান্তিক মানুষের কথা শোনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষকে নিয়ে কথা বলার আগে, মানুষের কথা শুনতে শিখুন।”

তিনি আরও বলেন, ডিজিটাল যোগাযোগ কর্মীদের একে অপরের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো থেকে বিরত থেকে, সত্য বলা এবং মানুষের মর্যাদা রক্ষা করে অন্যায়ের প্রতিবাদ করার মাধ্যমে এশিয়ায় বিভিন্ন প্রান্তের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে।

পরিশেষে মহাধর্মপাল গারসেরা বলেন, “আমাদের শুধু তথ্য পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করা হয়নি; সত্যের সাক্ষী হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আর সেই সত্য হলেন স্বয়ং যীশু খ্রীষ্ট।”

প্রতিবেদন –  রেডিও ভেরিতাস এশিয়া

অনুবাদ –  তেরেসা রোজারিও

Bengali pop up image