এশিয়ার ডিজিটাল মিশনারিদের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হলো ম্যানিলাতে

এশিয়ার ডিজিটাল মিশনারিদের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হলো ম্যানিলাতে

এশিয়ার বিভিন্ন দেশের ক্যাথলিক ডিজিটাল মিশনারি ও যোগাযোগকর্মীরা ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ফিলিপাইনের কুইজন সিটির ফেয়ারভিউ পার্কে রেডিও ভেরিতাস এশিয়ায় অনুষ্ঠিত প্রথম এশিয়ান ক্যাথলিক ডিজিটাল মিশনারি অ্যাসেম্বলি (Asian Catholic Digital Missionary Assembly)-তে সমবেত হন।

রেডিও ভেরিতাস এশিয়ার আয়োজনে চার দিনের এই সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয়— ইনফ্লুয়েন্সার থেকে সাক্ষী: এশিয়ায় ডিজিটাল মিশনের সিনোডাল যাত্রা”(Influencers to Witnesses: Synodal Way for Digital Mission in Asia)। ডিজিটাল মাধ্যমে শুধু প্রভাব বিস্তার করা নয়, বরং বিশ্বাসের সত্যিকারের সাক্ষী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে উক্ত এই অনুষ্ঠানে।

ভারতের মাদ্রাজ ও মাইলাপুর ধর্মপ্রদেশের ফাদার রিচি ভিনসেন্ট বলেন, ভ্যাটিকানে একটি আন্তর্জাতিক ডিজিটাল মিশনারি সমাবেশে অংশ নেওয়ার সময় তিনি লক্ষ্য করেন, সেখানে এশিয়া থেকে আগত প্রতিনিধির সংখ্যা ছিল খুবই সীমিত। তখনই তাঁর মনে প্রশ্ন জাগে—“এশিয়ার ডিজিটাল মিশনারিরা কোথায়?” ম্যানিলার এই সমাবেশকে তিনি এশিয়ার ডিজিটাল মিশনারিদের একত্রিত হয়ে পরস্পরের পাশে থেকে শেখা ও সহযোগিতার গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করেন

ফিলিপাইনের গি রিয়া জাডুলকো বলেন, এশিয়ার বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা জানার জন্য তিনি আগ্রহী। একই সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব গড়ে তোলার আশাও ব্যক্ত করেন তিনি।

ফিলিপাইনের এই সমাবেশে আগত আরেক প্রতিনিধি মিকা এলাহ এল. তাবাদা বলেন, বিভিন্ন দেশের সংস্কৃতি, প্ল্যাটফর্মগুলি ও কাজের পদ্ধতিতে পার্থক্য হলেও এই সমাবেশ পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে। তিনি তাঁর বক্তব্যে ফিলিপাইনের আতিথেয়তা ও সৃজনশীলতা অন্য প্রতিনিধিদের সঙ্গে সহভাগিতা করে নেওয়ার কথাও উল্লেখ করেন।

ইন্দোনেশিয়ার জেনিফার ওডেলিয়া মেরেডিথ বলেন, নিজ নিজ দেশে ডিজিটাল মিশনকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা এবং নতুন ধরনের মিডিয়া ও কনটেন্ট তৈরির পদ্ধতি শেখার আশা রাখছেন তিনি। ইন্দোনেশিয়া থেকে তিনি “একে অপরের জন্য প্রার্থনা করি” এই বার্তা বয়ে নিয়ে এসেছেন।

মূলত এই সমাবেশে ডিজিটালি সুসমাচার প্রচার, পরস্পরের সঙ্গে যোগাযোগের নতুন পদ্ধতি, প্রশিক্ষণ এবং এশিয়ার ক্যাথলিক ডিজিটাল মিশনারিদের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা ও বিভিন্ন ধরনের গঠনমূলক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশের প্রথম দিন পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে শুরু হয়। প্রতিনিধিরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে এতে অংশ নেন, যা এশিয়ার বিভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যের পাশাপাশি ক্যাথলিক মন্ডলীগুলির ঐক্যকেও তুলে ধরে।

প্রতিবেদন –  রেডিও ভেরিতাস এশিয়া

অনুবাদ –  তেরেসা রোজারিও

Bengali pop up image