রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় মা মারীয়ার উদ্দেশে মাসব্যাপী বিশেষ প্রার্থনা ও ভক্তি অনুষ্ঠান

রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় মা মারীয়ার উদ্দেশে মাসব্যাপী বিশেষ প্রার্থনা ও ভক্তি অনুষ্ঠান

রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জা-এ গত পহেলা মে থেকে শুরু হয়েছে মা মারীয়ার গ্রোটোর সামনে একমাসব্যাপী বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন। মে মাসকে ক্যাথলিক খ্রীস্টীয় মণ্ডলীতে মা মারীয়ার উদ্দেশে নিবেদিত একটি বিশেষ মাস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে ধর্মপল্লীতে নানা আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা মা মারীয়ার প্রতি তাদের বিশ্বাস ও ভক্তি প্রকাশ করছেন।

অনুষ্ঠানের সূচনায় সেন্ট পল’স বিদ্যালয় থেকে মা মারীয়ার প্রতিমূর্তি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কীর্তন ও প্রার্থনামুখর পরিবেশে খ্রীষ্টভক্তরা গীর্জা প্রাঙ্গণের গ্রোটোর সামনে সমবেত হন। পরে পবিত্র জপমালা প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে।

শোভাযাত্রা ও প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার বিনীতা ডি.এস.এ, সিস্টার অর্পিতা ডি.এস.এ সহ অন্যান্য ডি.এস.এ সিস্টার এবং বহু খ্রীষ্টভক্ত।

গীর্জার বিভিন্ন সংগঠন ও সাব-সেন্টারগুলিকে পুরো মাস জুড়ে জপমালা প্রার্থনা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাঘবপুর গির্জার অধীনস্থ বিভিন্ন গ্রামেও মা মারীয়ার প্রতি বিশেষ ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হচ্ছে। গ্রামবাসীরা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে গ্রামের শান্তি ও মঙ্গল কামনায় বিকালে জপমালা প্রার্থনা ও পবিত্র খ্রীষ্টযাগের আয়োজন করছেন। এরপর সারারাত্রি ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে পদাবলী খ্রীস্টীয় কীর্তন গান।

অনুষ্ঠানের অংশ হিসেবে অনেক গ্রামে মা মারীয়ার প্রতিমূর্তি নিয়ে বাড়ি বাড়ি প্রদক্ষিণও করা হচ্ছে। ভক্তদের বিশ্বাস, এর মাধ্যমে পরিবার ও গ্রামের উপর ঈশ্বরের আশীর্বাদ ও শান্তি নেমে আসে।

এক ভক্ত বলেন, “মায়ের প্রতি এই শ্রদ্ধা ও ভক্তি আমাদের আরও দৃঢ় বিশ্বাস এনে দেয় যে, মা মারীয়ার মধ্যস্থতায় করা প্রার্থনা যীশুর কাছে পৌঁছে যায়। মা আমাদের জীবনে শান্তি ও আশীর্বাদ এনে দেন।”

এই আয়োজন সফল করতে ধর্মপল্লীর পাল পুরোহিত ও ডি.এস.এ সিস্টারগণ গ্রামবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছেন। ভক্তদের আন্তরিক অংশগ্রহণ ও মা মারীয়ার প্রতি গভীর বিশ্বাস ধর্মীয় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

প্রতিবেদন – তন্ময় মন্ডল