ফিলিপাইনে প্রথম এশিয়ান ক্যাথলিক ডিজিটাল মিশনারি সমাবেশ শুরু
ফিলিপাইনের কেজন সিটিতে রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) প্রাঙ্গণের থ্রি সেইন্টস চ্যাপেলে মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে প্রথম এশিয়ান ক্যাথলিক ডিজিটাল মিশনারি সমাবেশের শুভ সূচনা হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত ১০০ জনেরও বেশি ক্যাথলিক ডিজিটাল কমিউনিকেটর এবং ইনফ্লুয়েন্সার এই ঐতিহাসিক সমাবেশে একত্রিত হয়েছেন। এবারের সমাবেশের মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে— "ইনফ্লুয়েন্সার থেকে সাক্ষ্যদাতা: এশিয়ায় ডিজিটাল মিশনের জন্য সিনোডাল পথ"।
উদ্বোধনী খ্রীষ্টযাগে পৌরোহিত্য করেন আরভিএ-র জেনারেল ম্যানেজার ফাদার ফেলমার ফিয়েল, এসভিডি। তাঁর সঙ্গে সহ-উদযাপক হিসেবে উপস্থিত ছিলেন আরভিএ-র প্রোগ্রাম ডিরেক্টর ফাদার জন মি শেন এবং ভারতের ক্যাথলিক বিশপ সম্মেলনের সোশ্যাল কমিউনিকেশন কার্যালয়ের এক্সিকিউটিভ সেক্রেটারি ফাদার সিরিল ভিক্টর জোসেফ।
খ্রীষ্টযাগের শুরুতেই ডিজিটাল মিশনারিদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ফাদার ফেলমার ফিয়েল বলেন, "ডিজিটাল মিশনারি হিসেবে, আমাদের পোস্টের মাধ্যমে দিক নির্দেশ করতে আহ্বান জানানো হয়েছে।"
উপদেশে ফাদার ফিয়েল জাকার্তায় অনুষ্ঠিত সাম্প্রতিক এফএবিসি (FABC) প্লেনারি অ্যাসেম্বলির প্রসঙ্গ টেনে "সেতু" এবং "সেতু নির্মাতা" — এই দুটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন। এশিয়ার ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও রাজনৈতিক বৈচিত্র্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এই পার্থক্যগুলো মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে না। তাঁর ভাষায়, "আমরা খ্রীষ্টের। আমরা একে অপরের। আমরা এক মানবতার।"
ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যেখানে মণ্ডলী শারীরিকভাবে উপস্থিত হতে পারে না, সেখানে এই মাধ্যমগুলোই বড় মাধ্যম হতে পারে। মিশনারিদের উদ্দেশ্যে তিনি বলেন, "হয়তো আপনার পোস্টই সেই সেতু হয়ে উঠবে যার মধ্য দিয়ে কেউ খ্রীষ্টের সাক্ষাৎ পাবে।"
সাধু পলের প্রথম পত্রের আলোকেই ফাদার ফিয়েল মনে করিয়ে দেন যে, আজকের ডিজিটাল মিশনেও খ্রীষ্টের এবং একে অপরের সঙ্গে যুক্ত থাকার মূল নীতিটি প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন যে, ডিজিটাল প্রচারকদের কাজ কেবল জ্ঞান বা মনোযোগ আকর্ষণের সস্তা আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়, বরং ভালোবাসা এবং খ্রীষ্টীয় ঐক্যের গভীর বোধ দ্বারা চালিত হতে হবে।
সবশেষে ইনফ্লুয়েন্সার থেকে সত্যিকারের সাক্ষ্যদাতা হয়ে ওঠার আহ্বান জানিয়ে ফাদার ফিয়েল বলেন, "যদি আমাদের জীবন, আমাদের গল্প, আমাদের সৃজনশীলতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলি মানুষকে যীশুর দিকে পরিচালিত করে, তবেই আমরা সাক্ষ্যদাতা হয়ে উঠব।" অনুলিখন – চন্দনা রোজারিও।
