এফএবিসির সঙ্গে অংশীদারিত্ব নবায়ন করল মিসিও আখেন
গত ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ইন্দোনেশিয়ার জাকার্তার হোটেল মুলিয়ায় অনুষ্ঠিত এফএবিসির ১২তম প্লেনারি অ্যাসেম্বলিতে,জার্মানি ভিত্তিক ক্যাথলিক মিশন সংস্থা মিসিও আখেন এশিয়া মণ্ডলীর প্রতি তাদের দীর্ঘদিনের সহযোগিতা পুনর্ব্যক্ত করেছে।
উক্ত এই সংস্থার আন্তর্জাতিক মিশন বিভাগের কর্মকর্তা কারিনা স্ট্রাক বলেন, “স্থানীয় মণ্ডলীর সঙ্গে আস্থা, সাবসিডিয়ারিটি অর্থাৎস্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সিনোডালিটির ভিত্তিতে গড়ে ওঠা অংশীদারিত্বই মান্ডলীক কার্যক্রমকে আরো সুর্দঢ় করে তোলে।
এ পর্যায়ে তিনি জানান, মিসিও আখেন বহু বছর ধরে এফএবিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে এবং এই সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তাঁর মতে, স্থানীয় বিশপ, যাজক, নিবেদিত ব্যক্তিবর্গ মানুষের বাস্তব প্রয়োজনসমূহ সবচেয়ে ভালো বোঝেন। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত তাদের ওপর কর্তৃত্ব আরোপ না করে পাশে থেকে সহযোগিতা করা।
স্ট্রাক বলেন, ব্যাংককে এফএবিসির সঙ্গে মিসিও আখেনের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা স্থানীয় মণ্ডলীতে সিদ্ধান্ত গ্রহণ ও মিশনের অগ্রাধিকার নির্ধারণে আরও ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত দুই বছরে সংস্থাটি এশিয়ার মণ্ডলীগুলোর অংশগ্রহণ বাড়িয়ে নীতিনির্ধারণ ও আর্থিক সহায়তা বণ্টনে স্থানীয় নেতৃত্বকে আরও গুরুত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, এফএবিসির এই প্লেনারি অ্যাসেম্বলি এশিয়ার মন্ডলীতে আশা, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা সরাসরি জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ভবিষ্যতেও মিসিও আখেন প্রার্থনা, আর্থিক সহায়তা এবং অব্যাহত সহযোগিতার মাধ্যমে এশিয়ার মণ্ডলীর পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য,জার্মানির আখেনে প্রতিষ্ঠিত মিসিও আখেন ভ্যাটিকান স্বীকৃত অন্যতম প্রধান ক্যাথলিক মিশন সংস্থা, যা এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়ায় ধর্মপ্রচার, যাজকীয় গঠন, মানবিক সহায়তা এবং মণ্ডলীতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করে।- আরভিএ সংবাদ।
