ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউটে উদযাপিত হলো আন্তর্জাতিক নার্স দিবস
গত ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ, পূর্বাচলের নিকটে ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর হল রুমে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক, হাসপাতালের নার্সসহ অন্যান্য কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো এই আন্তর্জাতিক নার্স দিবস।
মূলত এই দিবস উদযাপনের উদ্দেশ্য হলো নার্সদের প্রতি সহানুভূতি, আত্মত্যাগ এবং মানবিক সেবার স্বীকৃতি হিসেবে পালন করা হয়।
এবারের নার্স দিবসের মূলসুর ছিল “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ”। এতে ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর শিক্ষার্থী, শিক্ষক, হাসপাতালের নার্সরা অংশগ্রহণ করেন।
এই আন্তর্জাতিক নার্স দিবসে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও হাসপাতালের চেয়ারম্যান মাইকেল জন গমেজ, সেক্রেটারী মঞ্জু মারীয়া পালমা, ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনো, ঢাকা ক্রেডিটের বোর্ড কর্মকর্তা, অন্যান্য কমিটির সদস্যবৃন্দ, ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ, হাসপাতালের সিইও ডা. আহমেদ শফিকুল হায়দারসহ অন্যান্য ডাক্তার ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই ছিল নার্সদের হাতে মোমবাতি নিয়ে তাদের শপথ নবায়ন, র্যালি, ফ্লোরেন্স নাইটিংগেলের ছবিতে পুষ্পস্তবক অর্পন, নার্স দিবস এবং পেশা হিসেবে নার্সিং নিয়ে আলোচনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনায় প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ বলেন, “নার্সিং একটি পবিত্র এবং মহান পেশা। কতটা মানবিক ও হৃদয়বান হলে, কতটা মমতাময়ী হলে নিজের জীবন অন্যের সেবায় বিলিয়ে দেয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ হলো এই নার্সগণ।”
উক্ত অনুষ্ঠানে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, “নার্সিং পেশাটা এক সময় খ্রীষ্টানদের হাত ধরে আসে কিন্তু এখন এই পেশা আর কোনো নির্দিষ্ট মানুষের নয়, এটা এখন সার্বিক এবং আন্তর্জাতিক পেশা।”
অন্যান্য অতিথিগণ বলেন, “পূর্বে নার্সিং যারা করেছে তাদের ক্ষেত্রে সামাজিক এক ধরণের নেতিবাচকতা ছিল কিন্তু এখন আর সেটা নেই। এক সময় নার্সিং করতে বিদেশ থেকে নার্স নিয়ে আসতে হতো কিন্তু এখন বাংলাদেশ থেকে নার্সগণ বাইরের দেশে যায় সেবা দিতে।”
একজন নার্স তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই পেশাটা একটা সেবার পেশা এবং আমাদের সেবা ও ভালবাসা দিয়ে আমরা একজন রোগিকে সুস্থ্য করে তুলতে পারি। তাই খুব দায়িত্বের সাথে আমাদের প্রত্যেকে এই সেবার কাজ করতে হয়।”
তিনি আরো বলেন, একজন নার্স হলেন কঠোর পরিশ্রমে নিবেদিতপ্রাণ, হৃদয়ে সহানুভূতিশীল এবং সাহসিকতার প্রতীক।”
অতিথিগণ, ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউটের নার্সদের দেশে এবং বিশ্বে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন।
উল্লেখ্য ১৮২০ সালের ১২ মে, আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর জন্মদিন আর এই দিন উপলক্ষে প্রতি বছর ১২ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।
তবে ১৯৭৪ সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস (ICN) আনুষ্ঠানিকভাবে এই দিনটি ঘোষণা করে। নার্সদের অসামান্য অবদান ও সেবাকে সম্মান জানাতে এই দিনটি উদযাপিত হয়। - ডিসি নিউজ