জয়পুরহাট ধর্মপ্রদেশের খঞ্জনপুর ধর্মপল্লীর অন্তর্গত হাটশিকায় সংস্কারকৃত গির্জা আশির্বাদ ও হস্তার্পণ সংস্কার প্রদান
গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, জয়পুরহাট ধর্মপ্রদেশের খঞ্জনপুর ধর্মপল্লীর অন্তর্গত কালাইয়ের হাটশিকায় কলকাতার সাধ্বী মাদার তেরেজার নামে সংস্কারকৃত গির্জা আশির্বাদ ও হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ফাদার, সিস্টার, কাটেখিস্ট, বিভিন্ন গ্রামের প্রার্থনা পরিচালকগন এবং প্রায় ৫০০জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ বলেন, “সংস্কারকৃত এই গির্জাঘর স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস, ঐক্য এবং নিষ্ঠার এক জীবন্ত প্রমাণ।”
বিশপ আরো বলেন, “সাধ্বী মাদার তেরেজার প্রতি উৎসর্গীকৃত এই গির্জাটি হাটশিকা এবং পার্শ্ববর্তী এলাকার বিশ্বাসীদের জন্য প্রার্থনা, সেবা এবং আধ্যাত্মিক বিকাশের কেন্দ্র হিসেবে কাজ করবে।”
“গির্জাঘর হচ্ছে ঈশ্বরের উপস্থিতির চিহ্ন। আর যখনই আমরা গির্জাঘরে আসবো তখনই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো”, বলেন বিশপ রোজারিও।
একই সাথে হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণকারী ভাই-বোনদের উদ্দেশে বিশপ বলেন, “আজ থেকে তোমরা পবিত্র আত্মাকে লাভ করে তোমরা হয়ে উঠবে বলশালী। তোমাদের উচিত পবিত্র আত্মার প্রেরণায় পথ চলা ও সেই ভাবে জীবন-যাপন করা।” - ফাদার সেন্টু লরেন্স বিশ্বাস, এসডিবি