কার্ডিনাল তাগলে: আশার সাক্ষী আজকের ‘মেরি মাগদালেনাদের’ চিনতে হবে মন্ডলীকে
“আমাদের ধর্মপল্লী ও ধর্মপ্রদেশে অনেক ‘মেরি মাগদালেনা’ আছেন। তাঁদের চিনতে শেখা খুবই গুরুত্বপূর্ণ।”—এই আহ্বান জানিয়ে FABC-এর ১২তম প্লেনারি অ্যাসেম্বলির অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন কার্ডিনাল লুইস আন্তোনিও জি. তাগলে। তিনি বলেন, সমাজ যাদের উপেক্ষা করে, ঈশ্বর প্রায়ই তাঁদেরই আশার সাক্ষী হিসেবে বেছে নেন।
২২ জুলাই জাকার্তার হোটেল মুলিয়ায় সেন্ট মেরি মাগদালেনার পর্ব উপলক্ষে অনুষ্ঠিত পবিত্র মিশায় সভাপতিত্ব করেন কার্ডিনাল তাগলে। মিশার শুরুতে তিনি এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের প্রতি পোপ লিও চতুর্দশের শুভেচ্ছা ও আশীর্বাদ পৌঁছে দেন।
ধর্মোপদেশে তিনি বলেন, মেরি মাগদালেনার জীবন দেখায় যে ঈশ্বর মানুষের অতীত নয়, তাঁর মধ্যে থাকা সম্ভাবনাকে দেখেন। সাতটি অশুভ আত্মা থেকে মুক্তি পাওয়ার পর তিনি যীশুর বিশ্বস্ত শিষ্যা হয়ে ওঠেন এবং ক্রুশের পাদদেশে অবিচল থাকেন। পুনরুত্থানের সকালে যীশু যখন তাঁকে নাম ধরে ডাকেন, তখনই তিনি তাঁকে চিনতে পারেন। সেই সাক্ষাতের পর যীশু তাঁকেই পুনরুত্থানের প্রথম সাক্ষী হিসেবে প্রেরিতদের কাছে পাঠান।
কার্ডিনাল তাগলে বলেন, “মেরির বার্তা ছিল খুবই সহজ—‘আমি প্রভুকে দেখেছি।’ এটি ছিল তাঁর ব্যক্তিগত বিশ্বাসের সাক্ষ্য।” তিনি আরও বলেন, যীশু এমন একজনকে এই মহান দায়িত্ব দিয়েছিলেন, যাকে সমাজ নির্ভরযোগ্য সাক্ষী রূপে দেখত না। এর মধ্য দিয়েই ঈশ্বরের দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়।
পুনর্মিলনের মূল প্রতিপাদ্য—মিশন ও ঐক্যের সেতুবন্ধন—উল্লেখ করে তিনি বলেন, আজও প্রতিটি স্থানীয় মন্ডলীতে এমন বহু “মেরি মাগদালেনা” আছেন, যাঁদের মাধ্যমে প্রভু তাঁর পুনরুত্থানের আশার বার্তা পৌঁছে দেন।
এই মিশা উদযাপনের মধ্য দিয়ে FABC-এর ১২তম প্লেনারি অ্যাসেম্বলির একদিনের আধ্যাত্মিক পুনর্মিলনের সমাপ্তি ঘটে।
প্রতিবেদন -গ্যাব্রিয়েল আবদি সুসান্তো
অনুবাদ – তেরেসা রোজারিও
