প্রতিটি স্থানীয় মণ্ডলীর এমন একটি উপহার রয়েছে, যা বিশ্বজনীন মণ্ডলীর প্রয়োজন: কার্ডিনাল মারিও গ্রেক
FABC-এর ১২তম অধিবেশন সভা-এ সিনড অব বিশপসের মহাসচিব কার্ডিনাল মারিও গ্রেক বলেছেন, প্রতিটি স্থানীয় মণ্ডলীর এমন কিছু বিশেষ উপহার ও অভিজ্ঞতা রয়েছে, যা বিশ্বজনীন মণ্ডলীর জন্য অপরিহার্য। তাই সমন্বিত পথচলার (Synodal) বাস্তবায়ন কোনো প্রশাসনিক প্রক্রিয়া নয়; এটি এক মণ্ডলী থেকে অন্য মণ্ডলীর কাছে বিশ্বাস, অভিজ্ঞতা ও আশীর্বাদের পারস্পরিক আদান-প্রদানের একটি যাত্রা।
২৪ জুলাই জাকার্তার হোটেল মুলিয়ার "সমন্বিত পথচলার বাস্তবায়নের পথসমূহ" শীর্ষক বক্তব্যে কার্ডিনাল গ্রেক বলেন, কোনো একটি মণ্ডলী সব ধরনের উপহার বা অভিজ্ঞতার অধিকারী নয়। আবার এমন কোনো স্থানীয় মণ্ডলীও নেই, যার অন্যদের দেওয়ার মতো কিছু নেই।
"কোনো মণ্ডলীর কাছেই সব উপহার নেই, আবার এমন কোনো মণ্ডলীও নেই, যার দেওয়ার মতো কোনো উপহার নেই।"
তিনি বলেন, সমন্বিত পথচলার সফলতা কতগুলো প্রতিবেদন বা নতুন পালকীয় পরিকল্পনা তৈরি হলো, তা দিয়ে বিচার করা উচিত নয়। বরং এর সাফল্য নির্ভর করবে বিভিন্ন স্থানীয় মণ্ডলীর মধ্যে কতটা আন্তরিকভাবে অভিজ্ঞতা, বিশ্বাস ও শিক্ষা ভাগাভাগি করা যায়, তার ওপর।
কার্ডিনাল গ্রেক স্মরণ করিয়ে দেন, সমন্বিত পথচলা বিষয়ক সিনডের চূড়ান্ত দলিল (Final Document) প্রকাশের মধ্য দিয়ে এই যাত্রা শেষ হয়ে যায়নি; বরং সেখান থেকেই নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। এখন প্রতিটি ধর্মপ্রদেশের দায়িত্ব হলো নিজেদের সংস্কৃতি, ইতিহাস ও পালকীয় বাস্তবতার আলোকে সেই নির্দেশনাগুলো আত্মিক বিচক্ষণতার সঙ্গে বাস্তবায়ন করা।
তিনি বলেন, এই কাজ কেবল প্রশাসনিক বা কারিগরি নয়; এটি মূলত একটি আধ্যাত্মিক প্রক্রিয়া, যার ভিত্তি হলো প্রার্থনা, মনোযোগ দিয়ে শোনা, সংলাপ এবং পারস্পরিক ঐক্য।
কার্ডিনাল গ্রেক এশিয়ার ক্যাথলিক মণ্ডলীর উদাহরণ তুলে ধরে বলেন, অনেক দেশে সংখ্যালঘু হয়েও এশিয়ার ক্যাথলিকরা যেভাবে বিশ্বাসের সাক্ষ্য বহন করছেন, তা ধর্মনিরপেক্ষতার চ্যালেঞ্জের মুখে থাকা বিশ্বের অন্যান্য মণ্ডলীর জন্য অনুপ্রেরণা হতে পারে।
একই সঙ্গে তিনি বলেন, এশিয়ার মণ্ডলীগুলোও আফ্রিকা, লাতিন আমেরিকা, ইউরোপ এবং ওশেনিয়ার মণ্ডলীগুলোর অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারে। এই পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়েই বিশ্বজনীন মণ্ডলী আরও সমৃদ্ধ হবে।
২০২৮ সালের মণ্ডলীয় সমাবেশ (Ecclesial Assembly)-এর দিকে তাকিয়ে কার্ডিনাল গ্রেক বলেন, আগামী কয়েক বছর হবে একে অপরের কাছ থেকে শেখার এবং পারস্পরিক উপহার গ্রহণের সময়। এই যাত্রায় মণ্ডলীর ঐক্য কেবল নতুন কাঠামো তৈরির মাধ্যমে নয়, বরং সুসমাচারের আলোকে গড়ে ওঠা আন্তরিক সম্পর্কের মাধ্যমেই আরও গভীর হবে।
তিনি বলেন, FABC-এর ১২তম অধিবেশন সভা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে সমন্বিত পথচলার প্রকৃত শক্তি নিহিত রয়েছে একে অপরকে শোনা, শেখা এবং ঈশ্বরপ্রদত্ত উপহার ভাগাভাগি করার মধ্যেই।
