কার্ডিনাল ফেরাঁও: সিনোডাল মণ্ডলী যেন খ্রিস্টের দিকে পরিচালিত করে এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে
গত ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ,ফেডারেশন অব এশিয়ান বিশপস' কনফারেন্সে (এফএবিসি) এর ১২তম পূর্ণাঙ্গ অধিবেশনে সমাপনী পবিত্র খ্রিস্টযাগে এফএবিসির সভাপতি কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাঁও বলেন, সিনোডাল মণ্ডলী কেবল লিখিত বিষয়বস্তুতে, কাঠামো বা পালকীয় কর্মসূচিতে সীমাবদ্ধ যেন না হয় । বরং তা যেন মণ্ডলীকে যিশু খ্রিস্টের আরও কাছে নিয়ে যায় এবং বাস্তব কর্মে ফলপ্রসূ হয়।
গত ২৬ জুলাই, জাকার্তার আওয়ার লেডি অব দ্য অ্যাসাম্পশন ক্যাথিড্রালে সমাপনী খ্রিস্টযাগের উপদেশবাণীতে তিনি বিশপ, যাজক, সকল ব্রতধারীনিদের এবং সাধারণ খ্রিস্টবিশ্বাসীদের আহ্বান জানান, যাতে এই সাধারণ সভার প্রার্থনা, মনন, শ্রবণ ও সংলাপের অভিজ্ঞতা এশিয়াজুড়ে নতুনরুপে সুসমাচার প্রচারের অঙ্গীকারে পরিণত হয়।
ঐদিনের মঙ্গলসমাচার অনুযায়ী তিনি তার উপদেশে বলেন, সিনোডাল যাত্রার প্রকৃত উদ্দেশ্য মানুষকে খ্রিস্টের সঙ্গে গভীর সম্পর্কের দিকে নিয়ে যাওয়া। তিনি বলেন, “সিনোডালিটি, বিভিন্ন কাঠামো, কর্মসূচি বা লিখিত বিষয়বস্তু কেবল আমাদের লক্ষ্য নয়; এগুলোর মূল্য তখনই কাজে পরিণত হবে , যখন এগুলো আমাদের খ্রিস্টের সঙ্গে মিলিত হতে এবং অন্যদের কাছে তাঁকে পৌঁছে দিতে সহায়তা করে।”
এছাড়া তিনি রাজা সলোমনের বিচক্ষণ হৃদয়ের প্রার্থনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আজ এশিয়ার মণ্ডলীর ও ঈশ্বরের কাছে এমন প্রার্থনা করা উচিত।
তিনি আরও বলেন,মণ্ডলীর শ্রবণ প্রক্রিয়া কেবল ঈশ্বরের বাক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং দরিদ্র, তরুণ, অভিবাসী এবং সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বরও গুরুত্বের সঙ্গে শুনতে হবে। মণ্ডলীর ধর্মগুরুদের প্রশাসনিক দক্ষতার চেয়ে শ্রবণ, সম্মিলিত বিবেচনা এবং ঐক্যের চেতনায় নেতৃত্ব দেওয়ার মনোভাব থাকতে হবে।
এছাড়া বিশ্ব দাদা-দাদি ও প্রবীণ দিবস উপলক্ষে কার্ডিনাল ফেরাঁও প্রবীণদের মণ্ডলীর “জীবন্ত সম্পদ” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁদের প্রজ্ঞা ও বিশ্বাসের সঙ্গে তরুণদের উদ্যম ও সৃজনশীলতার সমন্বয়ই মণ্ডলীর ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে।
উপদেশবাণীর শেষে তিনি প্রতিনিধিদের নিজ নিজ স্থানীয় মণ্ডলীতে ফিরে গিয়ে এই সাধারণ সভার শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান। তাঁর ভাষায়, “এখন সময় এসেছে আলোচনা থেকে মনোপরিবর্তনের দিকে, লিখিত থেকে সিদ্ধান্তের দিকে এবং স্বপ্ন থেকে বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়ার।– আরভিএ সংবাদ।
