পবিত্র ইস্টার উপলক্ষে ঐক্যের মহা র‍্যালি

পবিত্র ইস্টার উপলক্ষে ঐক্যের মহা র‍্যালি

গত ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ, পবিত্র ইস্টার উপলক্ষে এক অপূর্ব ধর্মীয় র‍্যালির আয়োজন করা হয় কলকাতার বারিশা এলাকায় অবস্থিত সেন্ট পিটার্স গির্জা (অক্সফোর্ড মিশন) থেকে শুরু হয় এই র‍্যালি, যা খ্রীষ্টভক্তদের মধ্যে একতা ও বিশ্বাসের এক অনন্য নিদর্শন হয়ে ওঠে। এই র‍্যালিতে শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন এবং সকলেই একসঙ্গে প্রভু যীশু খ্রীষ্টের পুনরুত্থানের আনন্দ উদযাপন করেন।

র‍্যালিটি বিভিন্ন গির্জা থেকে আগত বিশ্বাসীদের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ক্যাথলিক, ব্যাপ্টিস্ট, প্রোটেস্ট্যান্টসহ নানা সম্প্রদায়ের খ্রিষ্টান ভাই-বোনেরা একত্রিত হয়ে এই পবিত্র যাত্রায় অংশ নেন। সকলের হৃদয়ে ছিল একটিই বিশ্বাস—প্রভু যীশুর প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা।

র‍্যালিটি এগিয়ে যায় ঠাকুরপুকুরের এপিফ্যানি  গির্জার উদ্দেশ্যে। পথ চলাকালীন ভক্তরা প্রভুর স্তবগান গাইতে গাইতে, নৃত্য করতে করতে এবং “হালেলুইয়া” ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলে। রাস্তার পাশে থাকা অনেক মানুষ এই আনন্দঘন মুহূর্তে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

পরবর্তীতে র‍্যালিটি এপিফ্যানি  গির্জায় এসে থামে, যেখানে ফাদার এবং অন্যান্য প্রচারকগণ প্রভুর বাণী শোনান। তাঁদের বাণীতে উঠে আসে যীশুর ত্যাগ, ভালোবাসা এবং পুনরুত্থানের মহিমা। এরপর সংগীত পরিবেশন ও নৃত্যনাট্যের মাধ্যমে ইস্টারের আনন্দ আরও গভীরভাবে উদযাপন করা হয়।

র‍্যালিতে বিভিন্ন গির্জার পক্ষ থেকে আনা ব্যানার ও পোস্টারে প্রভুর আশীর্বাদ ও বার্তা ফুটে ওঠে। এই সবকিছু মিলিয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে এক পবিত্র ও আনন্দময় উৎসবের আবহ।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে যে ঐক্যের পরিচয় দিয়েছেন। যদিও তারা ভিন্ন ভিন্ন  গির্জা থেকে এসেছেন, তবুও সকলেই একই প্রভুর অনুসারী—এই উপলব্ধিই এই র‍্যালির মূল বার্তা।

এই ইস্টার র‍্যালি ছিল শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ছিল বিশ্বাস, ভালোবাসা এবং ঐক্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এটি সকলের সামনে প্রমাণ করে যে, প্রভু যীশুর শিক্ষাই আমাদের একত্রিত করে এবং আমাদের জীবনে সত্যিকার শান্তি ও আনন্দ এনে দেয়।

প্রতিবেদন - শুভম মিত্র