আন্ধারকোঠা ধর্মপল্লীতে সিস্টার’স অব চ্যারিটি সম্প্রদায় দীর্ঘ ৬৮ বছর পালকীয় সেবাদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা

আন্ধারকোঠা ধর্মপল্লীতে সিস্টার’স অব চ্যারিটি সম্প্রদায় দীর্ঘ ৬৮ বছর পালকীয় সেবাদান

গত ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত আন্ধারকোঠা ধর্মপল্লীতে দীর্ঘ ৬৮ বছর পালকীয় সেবাদানের পরে ঈশ্বরের প্রতি ধন্যবাদ ও কৃজ্ঞতায় আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত হয়ে অন্যত্র সেবা কাজে নিয়োজিত হবেন।

উল্লেখ্য সিস্টার‘স অব চ্যারিটির সিস্টারগণ এই ধর্মপল্লীতে দরিদ্র, অসহায় ও সাধারণ মানুষের মাঝে অক্লান্ত সেবা প্রদান করেছেন। তবে বর্তমানে সিস্টারদের নতুন প্রার্থীদের আহ্বান কমে যাওয়ায় তাঁদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা আন্ধারকোঠা ধর্মপল্লী থেকে বিদায় নেন।

এই বিদায় উপলক্ষে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী এবং তার সাথে আরো উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার প্রেমু রোজারিও ও ফাদার সনেট কস্তা।

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার ফাবিয়ান মারান্ডী সিস্টারদের দীর্ঘদিনের পালকীয় সেবা ও আত্মত্যাগের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং তাঁদের নতুন কর্মস্থলের জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করেন।

এই বিদায় অনুষ্ঠানের শুরুতে সিস্টারদের ফুল, উপহার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এরপর সিস্টার কস্তান্তিনা রায় তার অনুভূতি সহভাগিতা করেন।

পরে সিস্টার কল্লানী পালমা প্রভিন্সিয়ালের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে ধর্মপল্লীর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ধর্মপল্লীর পক্ষ থেকেও সিস্টারদের দীর্ঘ ৬৮ বছরের সেবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

স্টিারদের সাথে ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী এবং ধর্মপল্লীর ফাদারগণ

ভিকার জেনারেল তাঁর বক্তব্যে বলেন, “সিস্টারদের এই বিদায় ধর্মপল্লীর জন্য এক বড় ক্ষতি হলেও তাঁদের সেবার স্মৃতি সকলের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

পরিশেষে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বিদায়ী সিস্টারদের দীর্ঘ ৬৮ বছরের আত্মনিবেদিত সেবা, ত্যাগ, ভালোবাসা ও নিষ্ঠার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “সিস্টারদের অবদান আন্ধারকোঠা ধর্মপল্লীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের সেবার ফল আগামী প্রজন্মের মাঝেও জীবন্ত হয়ে থাকবে।

বিদায়ী সিস্টারদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে বলেন যে, “তাঁরা যেখানে যান না কেন, সেখানেও যেন একইভাবে খ্রিস্টের প্রেম, সেবা ও মমতার সাক্ষ্য বহন করতে পারেন। তিনি তাঁদের নতুন কর্মস্থল ও ভবিষ্যৎ জীবনের জন্য ঈশ্বরের অশেষ আশীর্বাদ কামনা করেন।

পরিশেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সকলের প্রার্থনা, ভালোবাসা ও শুভকামনার মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও আবেগঘন পরিবেশে সমাপ্ত হয়।

একজন খ্রিস্টভক্ত তার অনুভূতি ব্যক্ত করে বলেন , “সিস্টারদের এই দীর্ঘ সেবাজীবনের জন্য তাদের সকলের প্রতি  কৃতজ্ঞতা জানাই এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করি ।“  - ফাদার সনেট কস্তা