খ্রিষ্টীয় জীবন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃদিবস উদযাপন

খ্রিষ্টীয় জীবন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃদিবস উদযাপন

কলকাতা, ২৫ মে : ভালোবাসা, ত্যাগ ও মমতার প্রতীক ‘মা’-কে শ্রদ্ধা জানিয়ে গত ১০ই মে ২০২৬ খ্রিষ্টাব্দে প্রভু যীশুর গির্জার খ্রিষ্টীয় জীবন সংঘ (সিএলসি মঞ্জরি)-এর উদ্যোগে আন্তরিকতার সঙ্গে পালিত হলো আন্তর্জাতিক মাতৃদিবস।

অনুষ্ঠানের সূচনা হয় এক মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রবাল গোমেজ খ্রীষ্টযাগ অর্পণ করেন এবং তাঁর প্রার্থনায় সংঘের সকল মায়েদের সুস্বাস্থ্য, শান্তি ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করেন। তিনি বলেন, “আমাদের সংসারে মায়েদের ভূমিকা অপরিসীম। তাঁদের ছাড়া জীবন কল্পনাই করা যায় না। তাই প্রত্যেক সন্তান ও পরিবারের কর্তব্য হলো বাবা-মায়ের যত্ন ও সম্মান করা।”

খ্রীষ্টযাগের পর সংঘের বয়োজ্যেষ্ঠ মায়েদের সম্মান জানাতে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন, আনন্দঘন খেলা এবং জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সংঘের সদস্যরা ভালোবাসা ও আন্তরিকতায় দিনটিকে স্মরণীয় করে তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত সংঘের বর্ষীয়ান সদস্যা সবিতা গোমেজ বলেন, “আজকাল অনেক পরিবারেই বয়স্ক মা-বাবারা অবহেলার শিকার হচ্ছেন এবং অনেকেই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আজ আমরা আমাদের মা-বাবার জন্য যা করব, আগামী দিনে সেটাই আমাদের সন্তানদের কাছ থেকে ফিরে পাব।” তাঁর এই বক্তব্য উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে।

অনুষ্ঠানের শেষে সংঘের ছোটদের হাতে তৈরি খাবার পরিবেশন করা হয়। ছোটদের এই উদ্যোগ হয়ে ওঠে মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্নের এক মধুর প্রকাশ।

দিনটির প্রতিটি মুহূর্ত যেন নতুন করে মনে করিয়ে দিল— মা শুধু পরিবারের নয়, সমাজেরও আশ্রয় ও শক্তির প্রতীক।

প্রতিবেদন : তেরেসা রোজারিও