লিডারশিপ ট্রেনিং সার্ভিস (LTS)-এর ৬৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

লিডারশিপ ট্রেনিং সার্ভিস (LTS)-এর ৬৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

বিগত ৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, নেতৃত্ব, সেবা এবং মানবিক মূল্যবোধের চেতনাকে পাথেয় করে লিডারশিপ ট্রেনিং সার্ভিস (LTS)-এর ৬৭তম প্রতিষ্ঠা দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল কলকাতার ৫০, সার্কাস অ্যাভিনিউস্থিত এলটিএস সেন্টারে।

অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ১০০ জন এলটিএস সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন এলটিএস -এর প্রাক্তন সদস্যবৃন্দ এবং এলটিএস অ্যাডাল্ট টাউন ইউনিট (Adult Town Unit)-এর প্রতিনিধিবৃন্দ।

অতিথিদের অভ্যর্থনা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ফাদার রাকেশ মণ্ডল, এস.জে.-এর পরিচালনায় প্রার্থনা সংগীত এবং একটি প্রার্থনা-নৃত্য পরিবেশিত হয়, যা অনুষ্ঠানে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

শ্রী শিক্ষায়তন কলেজ ও লরেটো কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দক্ষিণ এশিয়ার এলটিএস প্রোমোটার ফাদার রাকেশ মণ্ডল, এস.জে.-এর বক্তব্য। তিনি এলটিএস -এর গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বের নানা সংকট মোকাবিলায় সৃজনশীল, দায়িত্বশীল ও সেবামূলক নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। তিনি তরুণদের সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নেতৃত্বের গুণাবলি বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা "Small Act, Big Impact" শীর্ষক একটি নাটিকা পরিবেশন করেন। নাটিকায় দেখানো হয়, ছোট ছোট মানবিক উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ সমাজে বড় ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। পরে সমবেত কণ্ঠে এলটিএস সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটা এবং মধ্যাহ্নভোজের আয়োজন অনুষ্ঠানের মধ্যে দিয়ে একে অপরের সাথে আরও সম্পৃক্ত হবার সুযোগ পান আয়োজক, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রচেষ্টায় দিনটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের মতে, এলটিএস -এর ৬৭তম প্রতিষ্ঠা দিবস শুধু সংগঠনের দীর্ঘ পথচলার স্মারক নয়; এটি নতুন প্রজন্মকে নেতৃত্ব, সেবা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।পি

প্রতিবেদন- লিডারশিপ ট্রেনিং সার্ভিস অনুলিখন তেরেসা রোজারিও