ফিলিপাইনের ম্যানিলায় আরভিএ‘র প্রধান কার্যালয়ে তিনজন সাধুর নামে চ্যাপেল উদ্বোধন

গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, ঐশ্বকরুনার মহাপর্বদিনে ফিলিপাইনের আরভিএ‘র প্রধান কার্যালয়ের চ্যাপেলটি তিনজন সাধু , পর্যায়ক্রমে পোপ ষষ্ঠ পল,পোপ দ্বিতীয় জন পল, এবং মাদার তেরেজার নামে আর্শীবাদ ও উদ্বোধন করা হয়েছে।

এদিনে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন কুবাও ধর্মপ্রদেশের বিশপ এলিয়াস এল, আয়ুবান একাধারে যিনি ফিলিপাইন রেডিও এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন সেন্টার (প্রেক) বোর্ডের  সহ সভাপতি হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া ও সাথে ছিলেন  জেনারেল ম্যানেজার ফাদার ফেলমার ফিয়েল এসভিডি, এবং প্রোগ্রাম ডিরেক্টর ফাদার জন মিশেন এবং রেডিও ভেরিতাসে কর্মরত অন্যান্য ফাদারগণ।

স্বাগত বক্তব্যে ফাদার ফেলমার বলেন “এই আরভিএ‘র কার্যালয়ের চ্যাপেলটা নতুনভাবে সংস্করণের জন্য যারা আর্থিকভাবে সাহায্য দান করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। কারন তাদের অবদানে চ্যাপেলটি আধ্যাত্নিকভাবে আরো অর্থবহ রুপলাভ করেছে এবং এখান থেকে সমগ্র এশিয়াজুড়ে আরভিএ‘এর দ্বারা পরিচালিত মঙ্গলসমাচার প্রচারের সুযোগ সৃষ্টি হচ্ছে, বলেন ফাদার ফেলমার।”

আর্শীবাদ অনুষ্ঠানে বিশপ আয়ুবান চ্যাপেলের উপর পবিত্র জল সিঞ্চনের মধ্য দিয়ে ঈশ্বরের বিশেষ কৃপা এবং আর্শীবাদ প্রার্থনা করেন। তিনি বলেন “এই চ্যাপেলে অনেকেই বিশ্বস্ত প্রার্থনার ফল পায়,বিপথগামীরা পথ খুজেঁ পায় এবং অশান্ত মন শান্তি খুঁজে পায়।”

পবিত্র খ্রিস্টযাগের উপদেশবাণীতে তিনি ঈশ্বরের করুনার কথা তুলে ধরেন। এছাড়া পোপ ফ্রান্সিসের উদ্ধৃতি দিয়ে বলেন যে“ঈশ্বর কখনোই আমাদের ক্ষমা করতে ভুলেন না ;বরং আমরাই ক্ষমা চাইতে ক্লান্ত হয়ে পড়ি। “

এছাড়া তিনজন সাধুর নামে উৎসর্গীকৃত চ্যাপেলে মহান ব্যাক্তিদের জীবনী সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করেন ফাদার মিশেন এবং তিনি  স্মরণ করিয়ে দেন যে এই মহান ব্যক্তিগণ আরভিএ‘র প্রধান কার্যালয় সফর করেছিলেন বলেই এই চ্যাপেলটি এই তিনজন সাধুর নামে আর্শীবাদিত করা হয়েছে।

“এই চ্যাপেলটি তিনজন সাধুর নামে উৎসর্গীকৃত করার মধ্য দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে তাদের মধ্যস্ততায় সমপর্ণ করছি কারন এই চ্যাপেলে পদচারণার মধ্য দিয়ে  আরভিএ কে তারা খ্রিস্টের প্রতি ভালোবাসা এবং সুসমাচার প্রচারের ভক্তিমুলক মনোভাব পোষণ করার অনুপ্রেরণা দান করে গেছেন”, বলেন ফাদার  মি শেন।

আরো উল্লেখ্য যে পবিত্র এই আর্শীবাদিত অনুষ্ঠানে উক্ত চ্যাপেলের দেয়ালে  তিন সাধু ব্যাক্তির রেলিক স্থাপন করা হয়েছে এবং পবিত্র শোভাযাত্রায় পোপ দ্বিতীয় জন পলের স্কালক্যাপ ( অর্থাৎ ছোট গোল টুপি) বহন করা হয়।

পবিত্র খ্রিষ্টযাগ শেষে আরভিএ‘র ইতিহাস ও এশিয়াজুড়ে এর সকল কার্যক্রম সংক্তিপ্ত ভিডিও আকারে প্রদর্শন করা হয়। এছাড়া নিয়মিত খ্রিস্টযাগে অংশগ্রহণকারীগণ এবং কর্মীগণ তাদের সংক্ষিপ্ত অভিজ্ঞতা সহভাগিতা করেছেন। এছাড়া কেউ কেউ আরভিএ‘তে সাধুদের সাথে সাক্ষাতের স্মৃতির কথা তুলে ধরেন।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ফাদার মিশেন বলেন আগামী ২০২৯ খ্রিস্টাব্দ, আরভিএ প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে আগামী তিন বছর একেকজন সাধুর জন্য উৎসর্গ করা হবে। এছাড়া তাদের নামে তিনটি বাগান তৈরি করা হবে যেখানে তাদের জীবনের প্রতিফলনসহ পূর্ণাকৃতির ভাস্কর্য স্থাপন করা হবে।

তিনি আরো বলেন “এই চ্যাপেল এখন রেডিও ভেরিতাস এশিয়ার আধ্যাত্নিকতার কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে। যেখানে বিশ্বাস ,কর্মপ্রেরণা এবং সমগ্র বিশ্বের মানুষের সাথে ঐক্য স্থাপনের এক স্থায়ী প্রতীক চিহ্ন।”উক্ত এই উদ্বোধনে প্রায় ২০০ জনের মতো খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করেন।  সংবাদ – আরভিএ