উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামে কোহিমা ধর্মপ্রদেশের শিক্ষার্থীদের পরিদর্শন

বিগত ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, কোহিমা ধর্মপ্রদেশ পরিচালিত নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ-এর ২৩ জন এমএসডব্লিউ শিক্ষার্থী (১৩ জন ছাত্রী, ৯ জন ছাত্র ও একজন শিক্ষক) তাঁদের শিক্ষাগত পাঠক্রমের অংশ হিসেবে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম পরিদর্শনে আসেন

উদয়নীর পরিচালক ফাদার জন কেরকেটা এস.জে. শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত জানান। তিনি সংস্থার সমাজকর্মের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭৮ সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের সমাজতত্ত্ব বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রাপ্তবয়স্ক শিক্ষা কর্মসূচির মাধ্যমে উদয়নীর  পথচলা শুরু হয়।

তিনি আরও জানান, অধিকারভিত্তিক পদ্ধতির মাধ্যমে নারী ক্ষমতায়ন, বিভিন্ন ব্লকে নারীদের স্থানীয় এনজিওগুলিকে সশক্তিকরণ —এই সব উদ্যোগ উদয়নীর মূল কাজের অংশ।

এরপর উদয়নীর কর্মী মধুরামি সেন ও ঐশিকি উদয়নীর কার্যক্রম, চ্যালেঞ্জ, সাফল্যের গল্প ও অর্জন নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন। অন্যদিকে পরমিতা দত্ত পশ্চিমবঙ্গে খাদ্য ও কাজের অধিকার আন্দোলন সম্পর্কে তথ্য তুলে ধরেন এবং শুভ্রা মিশ্র আলিপুর সংশোধনাগারে পারিবারিক পরামর্শ পরিষেবার কাজ সম্পর্কে  বিভিন্ন দিক তাদের সামনে তুলে ধরেন।

শিক্ষার্থীরা উদয়নীর কর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে মতবিনিময় করেন এবং  প্রত্যক্ষ কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পরিদর্শন শেষে সবাই একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ মধ্যাহ্নভোজে অংশ নেন।

প্রতিবেদন - তেরেসা রোজারিও

তথ্য - উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম