সাধু যোসেফের ক্যাথলিক গির্জা, সজনাবেড়িয়ায় অনুষ্ঠিত হলো কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

সাধু যোসেফের ক্যাথলিক গির্জা, সজনাবেড়িয়ায় অনুষ্ঠিত হলো কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

সাধু যোসেফের ক্যাথলিক গির্জা, সজনাবেড়িয়া যুবা দলের উদ্যোগে বিগত ২৮ জুন ২০২৬, রবিবার বিকেল ৪:৩০ মিনিটে অনুষ্ঠিত হলো "প্রতিভার আড্ডা"—কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান।

২০১৭ সালে ব্রাদার ঋত্বিক হাজরার উদ্যোগে এই মহৎ কর্মসূচির সূচনা হয় এবং ২০১৯ সাল পর্যন্ত তা ধারাবাহিকভাবে আয়োজিত হয়। পরবর্তীতে ব্রাদার ঋত্বিক হাজরা সেমিনারিতে যোগদান করায় এই উদ্যোগটি কিছুদিন বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর সজনাবেড়িয়া ধর্মপল্লীর ইয়ুথ প্রেসিডেন্ট সৌম্য প্রামাণিকের উদ্যোগে সেই ঐতিহাসিক মাইলফলক আবারও পুনরুজ্জীবিত হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজনাবেড়িয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার ফিলিপ দুর্লভ বর, সহকারী পুরোহিত ফাদার মলয় মণ্ডল, রেডিও ভেরিতাস এশিয়ার তেরেসা রোজারিও, ধর্মপল্লীর সম্মানিত সিস্টারবৃন্দ, ধর্মপল্লীর সকল ধার্মিক সংঘ (All Pious Groups)-এর সদস্য-সদস্যাবৃন্দ, অভিভাবক, যুব সদস্য এবং অসংখ্য খ্রীষ্টভক্ত।

অনুষ্ঠানের সূচনা হয় সৌম্য প্রামাণিকের স্বাগত ভাষণের মাধ্যমে। এরপর ফাদার ফিলিপ দুর্লভ বর উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উইমেন্স কমিশন গান এবং রবিবারের বিদ্যালয়ের (Sunday School) শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। পরে তেরেসা রোজারিও তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন। এরপর ধর্মপল্লীর যুব সদস্যদের পরিচালনায় বিভিন্ন আনন্দঘন খেলাধুলার আয়োজন করা হয়, বাইবেল থেকে ছোট ছোট প্রশ্ন করা হয় এবং উত্তর দাতাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। যার ফলে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও উপস্থিত সকলেই উৎসাহের সঙ্গে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে "প্রতিভার আড্ডা" একটি সফল, প্রাণবন্ত ও স্মরণীয় অনুষ্ঠানে পরিণত হয়। এই আয়োজন আবারও প্রমাণ করল যে, তরুণদের সাফল্যকে সম্মান জানানো এবং তাঁদের অনুপ্রাণিত করার এই সুন্দর ঐতিহ্য আগামী দিনেও অব্যাহত থাকবে।

প্রতিবেদন- সৌম্য প্রামানিক