রাজশাহী উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে পালিত হলো প্রবীণ দিবস
গত ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে পালিত হলো প্রবীণ দিবস।
এ প্রবীণ দিবস উদযাপনের মূল উদ্দেশ্য ছিল প্রবীণদের প্রতি সন্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁদের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার জন পাওলো, পিমে ও রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগে প্রবীণদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানসিক শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদের জন্য প্রার্থনা করা হয়।
খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ফাবিয়ান মার্ডী। তিনি তাঁর উপদেশ বাণীতে প্রবীণদেরকে পরিবার, সমাজ ও মণ্ডলীর অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন এবং তাঁদের সম্মান ও যত্ন নেওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
খ্রিস্টযাগ শেষে ছিলো প্রবীণদের অভিজ্ঞতা সহভাগিতা। প্রবীণ সদস্যরা তাঁদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, বিশ্বাসের যাত্রা, সংগ্রাম ও ঈশ্বরের প্রতি আস্থার কথা আলোচনা করেন।
এই আয়োজন আবারও স্মরণ করিয়ে দেয় যে, প্রবীণরা মণ্ডলী ও সমাজের জন্য এক অমূল্য আশীর্বাদ। তাঁদের জীবনের অভিজ্ঞতায় পরিবারে ঐক্য, অধ্যবসায়, প্রার্থনা এবং জীবনের প্রতিটি পর্যায়ে ঈশ্বরের প্রতি অটল আস্থার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। - ডিকন মিঠুন গমেজ
