সুসমাচার প্রচারের আগে মানুষের হৃদয় প্রস্তুত করার আহ্বান কার্ডিনাল ডেভিড পাবলো
জাকার্তা | ২৪ জুলাই — FABC-এর ১২তম অধিবেশন সভা উপলক্ষে প্রতিদিনের পবিত্র খ্রিস্টযাগে প্রদত্ত ধর্মোপদেশে এশিয়ার বিশপ সম্মেলনসমূহের ফেডারেশনের (FABC) সহ-সভাপতি কার্ডিনাল পাবলো ভার্জিলিও ডেভিড বলেন, সুসমাচার প্রচার শুরু হয় কথা বলার মাধ্যমে নয়, বরং মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে।
সপ্তাহব্যাপী এই অধিবেশনে উপস্থিত বিশপ, যাজক, ধর্মীয় জীবন উৎসর্গকারী নারী-পুরুষ এবং সাধারণ খ্রিস্টভক্ত প্রতিনিধিদের উদ্দেশে তিনি যিরমিয় গ্রন্থ এবং বীজ বপনকারীর উপমা নিয়ে ধ্যান করেন। তিনি এশিয়ার মণ্ডলীকে সমন্বিত (Synodal) নবায়নের আলোকে মিশনের দৃষ্টিভঙ্গি নতুনভাবে বিবেচনা করার আহ্বান জানান।
ঈশ্বরের হৃদয় অনুযায়ী "রাখাল"-এর প্রতিচ্ছবির পাশাপাশি তিনি "জ্ঞানী বপনকারী"-এর চিত্র তুলে ধরে বলেন, একজন দক্ষ কৃষক জানেন যে ফসলের প্রকৃত প্রস্তুতি শুরু হয় বীজ বপনের অনেক আগেই—মাটি প্রস্তুত করার মাধ্যমে।
কার্ডিনাল ডেভিড বলেন, আমরা সাধারণত বীজ বপনকারীর উপমায় বীজকে ঈশ্বরের বাক্য এবং মাটিকে বিভিন্ন ধরনের শ্রোতার প্রতীক হিসেবে দেখি। কিন্তু তিনি আহ্বান জানান, মাটির অবস্থার দিকেই বেশি মনোযোগ দিতে হবে।
তিনি ফিলিপাইনের একটি বেসিক একলেসিয়াল কমিউনিটির (Basic Ecclesial Community) বাইবেল ভাগাভাগির একটি অভিজ্ঞতার কথা স্মরণ করেন। সেখানে এক প্রবীণ কৃষক তাঁকে বলেছিলেন, "উপমার বপনকারী ভালো কৃষক ছিলেন না; কারণ তিনি রাস্তা, পাথুরে জমি এবং কাঁটাঝোপের মধ্যে বীজ ছড়িয়েছিলেন।"
এই মন্তব্য তাঁকে সুসমাচার প্রচারের নতুন উপলব্ধি দেয়।
তিনি বলেন, "একজন ভালো কৃষক জানেন, অধিকাংশ কাজ বীজ বপনের আগে করতে হয়। তিনি প্রথমে মাটি প্রস্তুত করেন।"
কার্ডিনাল ডেভিড ব্যাখ্যা করেন, বর্তমান সময়ে সুসমাচার প্রচারের মূল চাবিকাঠি এটিই। মানুষের হৃদয়কে গ্রহণের জন্য প্রস্তুত না করে শুধু সুসমাচার ঘোষণা করলেই যথেষ্ট নয়।
তিনি বলেন,
"মাটি প্রস্তুত করার অর্থ হলো—কথা বলার আগে শোনা, বিতর্কের আগে সংলাপ করা, কাউকে বোঝানোর আগে বন্ধুত্ব গড়ে তোলা এবং প্রতিশ্রুতি চাওয়ার আগে বিশ্বাস অর্জন করা।"
তিনি উল্লেখ করেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্যে সমৃদ্ধ এশিয়ায় এই মনোভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোথাও সুসমাচার সাদরে গ্রহণ করা হয়, আবার কোথাও তা সংশয় বা দ্বিধার সঙ্গে দেখা হয়। তাই মণ্ডলীকে প্রথমে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ও উপস্থিতির মাধ্যমে বিশ্বাস অর্জন করতে হবে।
উদাহরণ হিসেবে তিনি মঙ্গোলিয়ার মণ্ডলীর কথা উল্লেখ করেন, যেখানে কার্ডিনাল জর্জিও মারেঙ্গো-এর নেতৃত্বে মণ্ডলী মূলত শিক্ষা, দাতব্য কার্যক্রম এবং স্থানীয় জনগণের সঙ্গে আন্তরিক বন্ধুত্বের মাধ্যমে পরিচিতি লাভ করেছে। তাঁর মতে, ভালোবাসা ও সহমর্মিতার কাজই বহু সময় সুসমাচার গ্রহণের জন্য মানুষের হৃদয় প্রস্তুত করে।
কার্ডিনাল ডেভিড বলেন, এই মনোভাবই FABC যে সমন্বিত (Synodal) নবায়নের কথা বলছে তার মূল ভিত্তি। সমন্বিত পথচলা কেবল মণ্ডলীর অভ্যন্তরে একসঙ্গে চলা নয়; বরং এমন একটি পরিবেশ সৃষ্টি করা, যেখানে মানুষ শ্রদ্ধা, সংলাপ এবং সেবার মধ্য দিয়ে খ্রিস্টের সাক্ষাৎ লাভ করতে পারে।
ধর্মোপদেশের শেষে তিনি বলেন,
"এশিয়ায় সুসমাচার প্রচারের ভবিষ্যৎ শুধু আমরা কত বিশ্বস্ততার সঙ্গে বীজ বপন করি তার ওপর নির্ভর করে না; বরং কত ধৈর্যের সঙ্গে আমরা সেই মাটি প্রস্তুত করি, তার ওপরও নির্ভর করে।"
শেষে তিনি প্রার্থনা করেন, ঈশ্বর যেন মণ্ডলীর সেবকদের শুধু তাঁর হৃদয়ের মতো রাখালই নয়, বরং এমন জ্ঞানী বপনকারী হিসেবে গড়ে তোলেন, যারা ধৈর্যের সঙ্গে মানুষের হৃদয় প্রস্তুত করবেন, যাতে বিশ্বাস, আশা ও ভালোবাসার বীজ সমগ্র এশিয়ায় সমৃদ্ধভাবে বিকশিত হতে পারে।
