রাজশাহী ডিঙ্গাডুবা সিক সেল্টারে অনুষ্ঠিত হলো বিশ্ব রোগী দিবস
গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী কাথিড্রাল ধর্মপল্লীর অধীনস্থ ডিঙ্গাডুবা সিক সেল্টারে অনুষ্ঠিত হলো বিশ্ব রোগী দিবস।
রাজশাহী ধর্মপ্রদেশীয় স্বাস্থ্যসেবা কমিশনের আয়োজনে প্রায় ৩০০ জনের অংশগ্রহণে পালিত হলো এই বিশ্ব রোগী দিবস।
এই রোগী দিবসকে কেন্দ্র করে আগেরদিন সন্ধ্যায় রোগী ও সেবিকাসহ অন্যান্যদের নিয়ে রোজারিমালা প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্ধোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন কমিশনের আহ্বায়ক ফাদার প্রেমু রোজারিও এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মপল্লীতে কর্মরত ফাদারগণ।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার প্রেমু উপস্থিত নার্স, রোগী ও অন্যান্যদের উদ্দেশ্যে ৩৪তম বিশ্ব রোগী দিবস উপলক্ষে পুণ্যপিতার বাণী “সামারীয় ব্যক্তির করুণা: অন্যের যন্ত্রণা বহন করে ভালবাসা” এর আলোকে বলেন, “বর্তমান সময়ে, মানুষ ব্যস্ততার অজুহাতে উদাসীনতার সিঁড়ি বেয়ে পথ চলছে। ফলে আশেপাশের দুঃখ ও প্রয়োজনকে চিনে নিতে পারছে না।”
“কিন্তু সামারীয় ব্যক্তির উপমা কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, সামারীয় ব্যক্তি আহত মানুষটিকে দেখে পাশ কাটিয়ে যায়নি। বরং তিনি খোলা ও মনোযোগী দৃষ্টিতে তার দিকে তাকিয়েছেন,” বলেন ফাদার রোজারিও।
তিনি আরো বলেন, “যিশুর দৃষ্টির মত আমাদেরও মানবিক ও করুণাময় ঘনিষ্ঠতায় কাজ করতে অনুপ্রাণিত করে। তাই আমাদের প্রত্যেকের উচিৎ মানুষের প্রতি করুণা ও দয়া কেবল ব্যক্তিগত উদ্যোগে সীমাবদ্ধ না রেখে বরং ভালবাসাপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে অসুস্থ ও দরিদ্র ভাই-বোনদের সেবা করা।”
এই দিবসে অনুষ্ঠানের অংশ হিসেবে ছিলো নার্সদের হস্ত আশির্বাদ প্রার্থনা। সকল নার্স পুণ্যবেদেীতে নতজানু হয়ে অসুস্থ ভাইবোনদের সার্বিক কল্যানার্থে দায়িত্ব পালনের প্রতিজ্ঞা করেন।
পবিত্র খ্রিস্টযাগের পরে রোগীদের হাতে পবিত্র তেল লেপন, আশির্বাদ ও তাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানের শেষে দু’জন রোগী তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “এখানে কর্মরত নার্সগণ আমাদের প্রতি অনেক আন্তরিক, তারা সর্বক্ষণিক আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। যাদের নিরলস সেবা আর ভালোবাসায় আমরা সুস্থ হয়ে উঠছি।” - তুষার বেনেডিক্ট বিশ্বাস