কমিউনিও, বারুইপুর ধর্মপ্রদেশ, ক্যাটেকিস্টদের বিশ্বাস গঠন কর্মসূচি অনুষ্ঠিত

কমিউনিওর উদ্যোগে বারুইপুর ধর্মপ্রদেশের ক্যাটেকিস্টদের বিশ্বাস গঠন কর্মসূচি অনুষ্ঠিত

বারুইপুর ধর্মপ্রদেশের উদ্যোগে এবং কমিউনিও (Communio) -এর সহযোগিতায় বিগত ২৪ থেকে ২৬ জুন ০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ডায়োসিসের পাস্টোরাল সেন্টার ‘দিশারী’-তে ক্যাটেকিস্টদের জন্য তিন দিনব্যাপী বিশ্বাস গঠন (Faith Formation) কর্মসূচির আয়োজন করা হয়।

এরই অংশ হিসেবে ২৫ জুন হুগলি জেলার ঐতিহাসিক আওয়ার লেডি অব হ্যাপি ভয়েজ ব্যান্ডেল ব্যাসিলিকা প্রাঙ্গণে বিশেষ প্রশিক্ষণ ও গঠনমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বারুইপুর ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ৪৫ জন ক্যাটেকিস্ট অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে প্রার্থনা, প্রশিক্ষণ, মতবিনিময়, দলীয় আলোচনা এবং মিশনারি গঠনের বিভিন্ন পর্ব আলোচিত হয়।

কর্মসূচিটি পরিচালনা করেন কমিউনিও ট্রেনিংস অ্যান্ড প্রোগ্রামস-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর সিস্টার মার্গারিটা ডায়াস, এসসিবি।

সাবলীল উপস্থাপনা, ভিডিও প্রদর্শন, ব্যবহারিক অনুশীলন ও বিশ্বাস সহভাগিতার মাধ্যমে তিনি সিসিবিআই-এর বিভিন্ন উদ্যোগ এবং একটি অংশগ্রহণমূলক, সহযাত্রাপূর্ণ (Synodal) ও মিশনারি চার্চ গঠনে কমিউনিওর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্যাটেকিস্টদের জন্য প্রয়োজনীয় ৫জি (5G Needed for Catechists)” বিষয়ক অধিবেশন। এতে বর্তমান সময়ে একজন ক্যাটেকিস্টের জন্য প্রয়োজনীয় গুণাবলি ও মানসিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীদের দৃঢ় বিশ্বাসে প্রতিষ্ঠিত থাকা, পারস্পরিক ঐক্য গড়ে তোলা, সেবায় উদার হওয়া, সুসমাচারের জীবন্ত সাক্ষী হয়ে ওঠা এবং নিয়মিত আত্মগঠনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।

এছাড়া ঈশ্বরের বাক্যের শক্তি শীর্ষক অধিবেশনে পবিত্র ধর্মগ্রন্থের রূপান্তরমূলক শক্তি এবং ক্যাটেকিস্টদের জীবন ও সেবাকর্মে তার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ঈশ্বরের বাক্যকে নিজেদের জীবনে ব্যবহারিক প্রয়োগ ও দৈনন্দিন জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করার অনুপ্রেরণা লাভ করেন।

দিনের শুরুতে পবিত্র আত্মার কৃপা ও আশীর্বাদ প্রার্থনা যাচনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী বিভিন্ন দলীয় কার্যক্রম, ব্যক্তিগত আত্ম সমীক্ষা এবং অংশগ্রহণমূলক শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ক্যাটেকিস্টরা তাঁদের আহ্বান ও দায়িত্ব সম্পর্কে আরও গভীর উপলব্ধি অর্জন করেন।

এই কর্মসূচির আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বারুইপুর ধর্মপ্রদেশের কমিউনিও পরিচালক ও কোষাধ্যক্ষ ফাদার গৌতম নস্কর। উপস্থিত ছিলেন ডায়োসিস পাস্টোরাল সেন্টারের পরিচালক ফাদার দীপক ক্কা এবং প্রাক্তন পরিচালক ফাদার অবনীন্দ্র দাস।

যাঁরা ক্যাটেকিস্টদের নিষ্ঠা ও উদ্দীপনার সাথে তাঁদের মূল্যবান সেবাকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আদর্শ ধর্মপল্লী গঠন ও আগামী প্রজন্মের বিশ্বাস লালনে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

এই কর্মসূচি অংশগ্রহণকারীদের সুসমাচার প্রচারের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে এবং বিশ্বাসের পথে মানুষের সহযাত্রী রূপে নিজেদের ভূমিকা পুনর্বিবেচনার সুযোগ করে দেয়।

একই সঙ্গে সিনোডাল চার্চের চেতনায় শ্রবণ, অংশগ্রহণ, সহযোগিতা ও ঐক্যের মনোভাব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অংশগ্রহণকারী ক্যাটেকিস্টরা জানান, এই প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে, মন্ডলীর মিশন সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি করতে সাহায্য করেছে এবং ক্যাটেকেটিক্যাল সেবাকর্মে নতুন উদ্দীপনা জুগিয়েছে।

অনুষ্ঠান চলাকালীন উপস্থিত যাজকেরা বারুইপুর ধর্মপ্রদেশে মন্ডলীর বিকাশ, বিশ্বাস গঠন ও মিশনারি কার্যক্রমে কমিউনিওর বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে কমিউনিও বারুইপুরের বিশপ শ্রদ্ধেয় শ্যামল বোস এবং ধর্মপ্রদেশের নেতৃত্বের দূরদৃষ্টি, প্রতিশ্রুতি ও সুসমাচার প্রচারের প্রতি তাঁদের নিষ্ঠার প্রশংসা করে। পাশাপাশি ফাদার গৌতম, ফাদার দীপক, ফাদার অবনীন্দ্র এবং এই কর্মসূচি সফল করতে নিরলস পরিশ্রমকারী সকলের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

দিনের সমাপ্তিতে ধন্যবাদজ্ঞাপন পর্ব অনুষ্ঠিত হয়। এরপর ব্যাসিলিকা প্রাঙ্গণে তীর্থযাত্রার মাধ্যমে বারুইপুর ধর্মপ্রদেশের ক্যাটেকেটিক্যাল সেবাকর্মকে আওয়ার লেডি অব হ্যাপি ভয়েজ-এর মা মারিয়ার চরণে নিবেদন করা হয়। নব উদ্যমে, ঈশ্বরের বাক্যে শক্তিশালী হয়ে এবং বিশ্বাস, ঐক্য ও মিশনের নতুন চেতনায় উজ্জীবিত হয়ে ক্যাটেকিস্টরা নিজ নিজ ধর্মপল্লীতে ফিরে যান।

প্রতিবেদন: সিস্টার মার্গারিটা ডায়াস, এসসিবি

অনুলিখন - তেরেসা রোজারিও