এফএবিসি‘র সমাপনীতে, সিনোডালিটির এক জীবন্ত চিহ্ন ‘ফ্রেন্ডশিপ টানেল’

‘ফ্রেন্ডশিপ টানেল’ সিনোডালিটি, সংলাপ ও ঐক্যের এক জীবন্ত প্রতীক

গত ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সমাপনী খ্রিস্টযাগের পর এফএবিসির সভাপতি কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাঁও, বিশপ, যাজক, ধর্মীয় জীবন উৎসর্গকারী ও সাধারণ প্রতিনিধিরা জাকার্তার “আওয়ার লেডি অব দ্য অ্যাসাম্পশন” ক্যাথিড্রাল থেকে হেঁটে ‘ফ্রেন্ডশিপ টানেল’ অতিক্রম করে ইস্তিকলাল মসজিদে যান। এই প্রতীকী পদযাত্রা এশিয়ায় সেতুবন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সম্প্রীতির এক নতুন র্বাতা তুলে ধরে।

ক্যাথিড্রাল ও ইন্দোনেশিয়ার বৃহত্তম মসজিদ ইস্তিকলালকে সংযুক্তকারী এই টানেলটি দেশটির ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক হিসেবে পরিচিত। প্রতিনিধিদের এই যাত্রা এফএবিসির এবারের মূল ভাবনা “সেতু ও সেতুবন্ধনকারী হিসেবে মণ্ডলীর কার্যক্রমকে ” আরও স্পষ্টভাবে প্রকাশ করে।

ইস্তিকলাল মসজিদে পৌঁছে ধর্মগুরুগণ ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী এবং মসজিদের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. কে. এইচ. নাসারুদ্দিন ওমরের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “প্রকৃত ধর্মীয় বিশ্বাস মানুষকে বিভক্ত করে না; বরং মানবতার সেবা ও শান্তি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করে।”

পোপের বিশেষ দূত কার্ডিনাল ওসওয়াল্ড গ্রাসিয়াস এই অভ্যর্থনার জন্য প্রধান ইমামকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ফ্রেন্ডশিপ টানেল’ শুধু দুটি উপাসনালয়কে সংযুক্ত করেনি, বরং এটি দেখিয়েছে যে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে চলতে পারে, একে অপরকে সম্মান করতে পারে এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়তে সহযোগিতা করতে পারে।”

কার্ডিনাল ফেরাঁও এর আগে সমাপনী খ্রিস্টযাগে বলেন, সিনোডাল মণ্ডলীর মূল বৈশিষ্ট্য হলো শোনা, সংলাপ এবং অন্যের সঙ্গে পথ চলা। ‘ফ্রেন্ডশিপ টানেল’ এর মধ্য দিয়ে এই পদযাত্রা সেই চেতনারই বাস্তব প্রকাশ, যেখানে মণ্ডলী কেবল সেতুর কথা বলে না, বরং মানুষের মধ্যে সম্পর্ক ও বিশ্বাসের সেতু নির্মাণ করে।

এফএবিসি‘র এক সপ্তাহব্যাপী প্রার্থনা, সংলাপ ও আলোচনার পর এই প্রতীকী যাত্রা প্রতিনিধিদের মনে করিয়ে দেয় যে, সিনোডালিটি কেবল মণ্ডলীর অভ্যন্তরীণ বিষয় নয়; এটি ভিন্ন সংস্কৃতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্মান ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার আহ্বান।

তাই ‘ফ্রেন্ডশিপ টানেল’ এশিয়ার মণ্ডলীর জন্য হয়ে উঠেছে দৃশ্যমান একটিবার্তা শান্তি, সংলাপ ও ঐক্যের পথে একসঙ্গে চলার আহ্বান। - আরভিএ সংবাদ।

 

Bengali pop up image