ভাটিকানে আন্তর্জাতিক ক্যাথলিক অভিবাসন কমিশন এর ৭৫ বছর জুবিলী উপলক্ষে সভা
গত ১০ থেকে ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ,রোমের Casa La Salle-তে আয়োজিত আন্তর্জাতিক ক্যাথলিক অভিবাসন কমিশন (ICMC) এর ৭৫ বছর জুবিলী উপলক্ষে বিশেষ এক সভায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সরাসরি ও অনলাইনে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন ফাদার লিটন হিউর্বাট গমেজ সিএসসি। তিনি ICMC-এর ভোটাধিকারপ্রাপ্ত সদস্য হিসেবে সভায় অংশগ্রহণ করেন। সভায় বিশ্বের বিভিন্ন মহাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সংস্থার পরিচালনা পর্ষদ নির্বাচনসহ অভিবাসন, শরণার্থী সুরক্ষা ও মানবিক উন্নয়নবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাটির উদ্বোধনী পবিত্র খ্রিষ্টযাগ ও অনুষ্ঠান পরিচালনা করেন কার্ডিনাল ফাবিও বাজ্জিও (Cardinal Fabio Baggio), যিনি হলি সি-এর সমন্বিত মানব উন্নয়নবিষয়ক ডিকাস্টারির প্রো-প্রিফেক্ট। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং ICMC-এর প্রেসিডেন্ট ক্রিস্টিন নাথান।
উক্ত এই সভার মূলভাব ছিল, “খ্রিষ্ট নিজেই দরজায় কড়া নাড়ছেন।”
উক্ত এই সভায় বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে ফাদার লিটন হিউবার্ট গমেজ রোহিঙ্গা শরণার্থী সংকট, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি, মানব পাচার প্রতিরোধ এবং অভিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শরণার্থীদের কেবল সাহায্যগ্রহীতা হিসেবে নয়, বরং অধিকার, মর্যাদা ও সম্ভাবনাময় মানুষ হিসেবে দেখতে হবে। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানব পাচার প্রতিরোধ এবং অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় চার্চ, সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। বিশেষ করে নারী, শিশু ও অসহায় অভিবাসীদের সুরক্ষায় আন্তর্জাতিক চার্চ নেটওয়ার্ককে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
ফাদার গমেজ আরো বলেন, এশিয়ার শরণার্থী ও অভিবাসনসংক্রান্ত বাস্তবতাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্থানীয় মণ্ডলী ও মানবিক সংস্থাগুলোর অভিজ্ঞতা এবং নেতৃত্বকে ICMC-এর কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।তিনি আশা প্রকাশ করেন, এ আন্তর্জাতিক সভা অভিবাসী ও শরণার্থীদের মানবিক মর্যাদা, অধিকার এবং সমন্বিত মানব উন্নয়ন নিশ্চিত করতে বিশ্বব্যাপী সংহতি ও সহযোগিতা আরও জোরদার করবে।
উল্লেখ্য, International Catholic Migration Commission (ICMC) বিশ্বব্যাপী অভিবাসী, শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের অধিকার, সুরক্ষা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে আসছে।– আরভিএ সংবাদ ।
