ঢাকা ক্রেডিটের বর্তমান ব্যবস্থাপনা কমিটির এক বছর পূর্তি উদযাপন

ঢাকা ক্রেডিটের বর্তমান ব্যবস্থাপনা কমিটির এক বছর পূর্তি উদযাপন

গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ,  ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বাবু মার্কুজ গমেজ কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দরা বর্তমান বোর্ডের সফলতার এক বছরের পূর্তি উদযাপন করেন।

এ সফলতার পূর্তি উদযাপনের মূলসুর ছিল “কর্মসংস্থান আমাদের লক্ষ্য; আত্মনির্ভরশীল সমাজ আমাদের স্বপ্ন”। এই বিষয়কে সামনে রেখে ঢাকা ক্রেডিটের বর্তমান ব্যবস্থাপনা কমিটি সফলভাবে সম্পন্ন করেছে নেতৃত্বের এক বছর।

ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজের নেতৃত্বে অনুষ্ঠানে প্রার্থনা, তথ্যচিত্র প্রদর্শন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিগত বোর্ডের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের বর্তমান ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিও, সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা, ট্রেজারার সুমন জেমস্ ডি’কস্তাসহ বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ বলেন, “পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। কারণ সফলতা হলো এক নিরবিচ্ছিন্ন ও চলমান বহিঃযাত্রা। তাই আমাদের সকলকে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।”

তিনি নিজের কর্মজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, “আজকের এই পর্যায়ে আসতে যারা আমার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছিল, পর্যালোচনা করে দেখেছি তাদের অনেকেই ছিল অসৎ ও দুর্নীতিগ্রস্ত।”

“সমিতির ভারসাম্যহীনতা দূর করে ভারসাম্য বজায় রাখতে আমি টিম লিডার গড়ে তুলেছি এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছি। বহু হুমকি ও প্রতিকূলতার মুখোমুখি হয়েও আমি থেমে যাইনি। আমি এমন কিছু সৃজনশীল কাজ করে যেতে চাই, যা মানুষ আজীবন মনে রাখবে,” বলেন গমেজ।

ঢাকা ক্রেডিটের বর্তমান ব্যবস্থাপনা কমিটির এক বছর পূর্তি উদযাপনে অংশগ্রহণকারীগন

তিনি ঢাকা ক্রেডিটের আর্থিক ব্যবস্থাপনা ও পরিধি বৃদ্ধি প্রসঙ্গে বলেন, “আমরা শুধু ঋণ বিতরণ ও সদস্য সেবায় সীমাবদ্ধ নই, বরং 'কস্ট অব ফান্ড' নিয়েও ভাবছি। আমাদের কার্যক্রমের পরিধি বেড়েছে, নতুন নতুন প্রোডাক্ট যুক্ত হয়েছে এবং সেবার মান উন্নত রাখতে কর্মীসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের এক সাথে দক্ষতার সাথে পথ চলতে হবে।”

এ সময় অন্যান্য বক্তারা বলেন, “বিগত এক বছরের সাফল্য আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শপথ গ্রহণ, আন্তর্জাতিক নারী দিবস, ফাদার চার্লস জে. ইয়ং-এর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনসহ নানা সফল আয়োজনে বছরটি সমৃদ্ধ ছিল।”

আমাদের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো সঠিক নেতৃত্ব, যা বর্তমান ব্যবস্থাপনা কমিটির মধ্যে বিরাজমান। আসুন আমরা সকলে মিলে ঢাকা ক্রেডিটের উন্নয়নে অংশ নেই।

“প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং’র ক্ষুদ্র উদ্যোগ আজ মহীরুহে রূপ নিয়েছে। ঢাকা ক্রেডিটের এই গৌরবময় সফলতার অংশীদার হতে পেরে আমরা সত্যিই গর্বিত,” বলেন বক্তারা।

এ সময় উপস্থিত সকলে ঢাকা ক্রেডিটের মূল আদর্শকে ধারণ করে একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এক বছরের পূর্তি উপলক্ষে কেক কাটা, কর্মীদের অনুভূতি প্রকাশ এবং সকলের ঐকান্তিক সহযোগিতার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। - ডিসিনিউজ, প্রিয়াংকা রোজারিও

Bengali pop up image