‘পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন’— এশিয়ার মণ্ডলীর প্রতি কার্ডিনাল ইগনাশিয়াস সুহার্তোর আহ্বান
‘পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন’— এশিয়ার মণ্ডলীর প্রতি কার্ডিনাল ইগনাশিয়াস সুহার্তোর আহ্বান
জাকার্তা | ২৪ জুলাই — "পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন।" এই তিনটি শব্দেই FABC-এর ১২তম অধিবেশন সভা-এর অন্যতম শক্তিশালী বার্তা তুলে ধরলেন জাকার্তার আর্চবিশপ কার্ডিনাল ইগনাশিয়াস সুহার্তো। তাঁর মতে, সমন্বিত পথচলার (Synodal) নবায়ন শুরু হয় মণ্ডলীর কাঠামো পরিবর্তনের মাধ্যমে নয়; বরং মানুষের হৃদয়ের পরিবর্তনের মধ্য দিয়ে।
২৪ জুলাই জাকার্তার হোটেল মুলিয়ার লিয়াট্রিস মিডিয়া কক্ষে অনুষ্ঠিত FABC-এর ১২তম অধিবেশন সভা-এর দ্বিতীয় সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সপ্তাহব্যাপী এই অধিবেশনের আলোচনায় একটি বিষয় বারবার উঠে এসেছে—প্রকৃত নবায়ন ব্যক্তিগত ও সামষ্টিক মন-পরিবর্তন থেকেই শুরু হয়।
কার্ডিনাল ইগনাশিয়াস সুহার্তো বলেন, "এই ১২তম অধিবেশন সভার মূল প্রতিপাদ্যই হলো সমন্বিত মন-পরিবর্তন (Synodal Conversion)। এটি শুধু আমাদের জন্য নয়, বরং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সকল মানুষের জন্যও একটি আহ্বান।"
তিনি বলেন, যদিও অধিবেশনের আলোচনায় এশিয়ার নানা সামাজিক, অর্থনৈতিক ও মানবিক সংকট উঠে এসেছে, তবুও এই সভার উদ্দেশ্য কোনো রাজনৈতিক অবস্থান নেওয়া নয়।
"আমাদের এই সভার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা একটি নৈতিক আহ্বানের কথা বলছি।"
কার্ডিনাল সুহার্তোর ভাষায়, মণ্ডলীর কাজ রাজনৈতিক সমাধান দেওয়া নয়; বরং যাঁরা নেতৃত্বের দায়িত্বে রয়েছেন, তাঁদের নৈতিক বিবেককে জাগ্রত করা।
তিনি ব্যাখ্যা করেন, মন-পরিবর্তন (Conversion) কেবল ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা নয়; এটি মানুষের চিন্তা, সিদ্ধান্ত এবং সমাজ পরিচালনার ধরনেও প্রতিফলিত হওয়া উচিত। আর সেই পথ দেখায় ক্যাথলিক সামাজিক শিক্ষার (Catholic Social Teaching) মৌলিক নীতিমালা।
প্রথমেই তিনি প্রতিটি মানুষের মর্যাদার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর জোর দেন। তাঁর মতে, এশিয়ার বহু দেশে এখনো মানবমর্যাদা যথাযথভাবে রক্ষা করা হয় না। তাই প্রকৃত পরিবর্তনের অর্থ হলো সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে মানুষকে স্থান দেওয়া।
তিনি আরও বলেন, সাধারণ কল্যাণ (Common Good) নিশ্চিত করা আজ সময়ের অন্যতম বড় দাবি। এশিয়ায় এখনও কোটি কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, আর ধনী-গরিবের বৈষম্য ক্রমেই বাড়ছে। তাই প্রান্তিক ও অসহায় মানুষের প্রতি সংহতি প্রদর্শনই প্রকৃত খ্রিস্টীয় দায়িত্ব।
দুর্নীতিকেও তিনি এশিয়ার অন্যতম বড় নৈতিক সংকট হিসেবে উল্লেখ করেন।
কার্ডিনাল সুহার্তো বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না; এটি মানুষের অধিকার ও সুযোগ কেড়ে নেয়, জনআস্থা নষ্ট করে এবং ন্যায়বিচারকে দুর্বল করে। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু আইন বা প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন বিবেকের পরিবর্তন।
পরিবেশ সংরক্ষণের বিষয়টিও তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পায়। তিনি বলেন, মানুষের সীমাহীন লোভের কারণেই পরিবেশ ধ্বংস হচ্ছে, আর এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। তাই সৃষ্টির যত্ন নেওয়া মানে মানবমর্যাদা রক্ষা করা এবং সাধারণ কল্যাণ নিশ্চিত করা।
নিজের বক্তব্যের শেষভাগে এসে তিনি আবারও উচ্চারণ করেন— "পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন।"
তিনি বলেন, এই তিনটি শব্দই অধিবেশনের সারসংক্ষেপ। কারণ মণ্ডলীর ভেতরে হোক কিংবা সমাজে—যে কোনো স্থায়ী ও অর্থবহ পরিবর্তনের শুরু মানুষের হৃদয়ের পরিবর্তনের মাধ্যমেই।
কার্ডিনাল ইগনাশিয়াস সুহার্তো বলেন, "আমি ইন্দোনেশিয়ার একজন নাগরিক হিসেবে এবং মণ্ডলীর একজন সদস্য হিসেবে বিশ্বাস করি, এই আহ্বান সবার জন্য।"
তিনি আরও বলেন, এই আহ্বান শুধু ক্যাথলিকদের জন্য নয়; বরং সরকার, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজে দায়িত্ব পালনকারী প্রত্যেক মানুষের জন্য। তাঁদের সিদ্ধান্ত ও নেতৃত্ব যেন মানবমর্যাদা, সাধারণ কল্যাণ, দরিদ্রের প্রতি সংহতি, সততা এবং সৃষ্টির প্রতি দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালিত হয়।
FABC-এর ১২তম অধিবেশন সভা যখন সমন্বিত পথচলার ভবিষ্যৎ নিয়ে আত্মিক বিচক্ষণতা অব্যাহত রেখেছে, তখন কার্ডিনাল ইগনাশিয়াস সুহার্তোর এই সহজ কিন্তু গভীর আহ্বান পুরো অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে—মণ্ডলী ও সমাজের প্রকৃত পরিবর্তন নতুন কর্মসূচি বা নীতিমালা দিয়ে নয়, বরং পরিবর্তিত হৃদয় দিয়েই শুরু হয়।
